আর্জেন্টিনা শিরোপা জেতার পরও তাঁর অনুরোধ, আমাকে গালি দেবেন না

টানা দ্বিতীয় কোপা আমেরিকার জিতে উৎসবমুখর সময় পার করছে আর্জেন্টিনা। গতকাল অতিরিক্ত সময়ে লওতারো মার্তিনেসের একমাত্র গোলে কলম্বিয়াকে হারায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচটা অতিরিক্ত সময় পর্যন্ত যেত না, যদি দ্বিতীয়ার্ধে পাওয়া সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারতেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

নির্দিষ্ট করে বললে, চোটাক্রান্ত লিওনেল মেসির বদলি নামা নিকোলাস গনসালেস। কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। একবার জাল খুঁজে পেলেও সেটা অফসাইডে বাতিল হয়েছে। গনসালেসের এমন সুযোগ নষ্টের মহড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনাও কম হয়নি।

কেবল ফাইনালে নয়, পুরো টুর্নামেন্টেই এমন ছন্দহীন ছিলেন গনসালেস। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জেতার পর তাই সমর্থকদের কাছে নিজের বাজে পারফরম্যান্স নিয়ে ক্ষমা চেয়েছেন ফিওরেন্তিনা স্ট্রাইকার। একইসঙ্গে তাঁকে গালি না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ম্যাচ শেষে গনসালেস বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই আমাকে গালি দিয়েছেন। আমি অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। সেগুলো জালে জড়াতে পারিনি। এ নিয়ে আমিও বিরক্ত।’

সমর্থকদের কাছে ক্ষমার অনুরোধ করে গনসালেস বলেন, ‘আশা করি আপনারা খুশি হয়েছেন। আমাকে গালি দেবেন না। (হেসে) বাড়াবাড়ি করবেন না কেউ!’