কীসে টাকা ঢেলেছে অবশেষে বোঝাতে পেরেছে চেলসি

পাকাপাকিভাবে কেনা খেলোয়াড়ের সংখ্যা ৩৬, সব মিলিয়ে খরচের অঙ্কটা ১১৩২ কোটি পাউন্ডেরও বেশি। নতুন মালিক টড বোহেলির অধীনে দুই বছরে চেলসির টাকা ঢেলে যাওয়ার হিসেবটা এমনই।

এ নিয়ে ট্রলের তো শেষ নেই! গত মৌসুমে দলবদলে ১২ জন খেলোয়াড়কে কিনেও মরিসিও পচেত্তিনোর অধীনে কোনোরকমে লিগে ষষ্ঠ হয়েছে। এই মৌসুমেও দলবদলে ১০ খেলোয়াড় কিনেছে চেলসি। নতুন কোচ এনসো মারেসকার অধীনে এরপরও প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় এই মৌসুমেও চেলসিকে নিয়ে কত হাসি-তামাশাই না হয়েছে! এত এত খেলোয়াড়ের কারণে চেলসির অনুশীলন মাঠের কী দশা, সে নিয়ে ট্রল তো নিয়মিতই চোখে পড়ে।

তা এত টাকা যে একেবারে জলে যায়নি, তারই একটা ছাপ আজ রেখেছে চেলসি। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের মাঠে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে ননি মাদুয়েকের হ্যাটট্রিকে চেলসি জিতেছে ৬-২ গোলে!

প্রথমার্ধ শেষেও ম্যাচে ২-২ সমতা ছিল। ৯৮ সেকেন্ডেই নিকোলাস জ্যাকসনের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি, ২৭ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মাতেউস কুনিয়ার গোলে সমতা ফেরায় উলভস। বিরতির আগে আবার গোল-পাল্টা গোল। ৪৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার, এক মিনিট পর – যোগ করা সময়ের প্রথম মিনিটেই আবার উলভসকে সমতায় ফেরান ইয়র্গেন লারসেন।

ম্যাচটা এতটা একতরফা ফল দেখবে, তখন কেই-বা ধারণা করেছিলেন! উলভস দ্বিতীয়ার্ধেও আক্রমণ করেছে অনেক, কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। সেটিই কাল হলো।

৪৯ থেকে ৬৩ – এই ১৫ মিনিটের মধ্যে গুনে গুনে তিনবার উলভসের জালে বল জড়ালেন ননি মাদুয়েকে। মজার ব্যাপার কী, এই তিন গোলেই অ্যাসিস্ট কোল পালমারের! এ নিয়ে ম্যাচ শেষে মাদুয়েকে বলছিলেন, ‘ও বরফ, আর আমি আগুন – ভালোই জমল।’

কিন্তু এতেও চেলসির গোলউৎসব শেষ হলে তো! আতলেতিকো মাদ্রিদ থেকে দুই মৌসুম আগে ৬ মাস চেলসিতে ধারে খেলে যাওয়া জোয়াও ফেলিক্সকে কদিন আগে পাকাপাকিভাবে কিনেছে চেলসি, ‘দ্বিতীয়’ অভিষেকটা পর্তুগিজ ফরোয়ার্ড রাঙালেন ৮০ মিনিটে দারুণ পাল্টা আক্রমণের শেষে চেলসির আরেক পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোর কাটব্যাকে দারুণ ফিনিশিংয়ে।