লিভারপুলের জয়, তবুও আক্ষেপ কোচের

লিভারপুলের ডাগ আউটে আর্নে স্লটের অভিষেকটা হয়েছে আগের সপ্তাহেই। সে ম্যাচে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছিল অল রেডরা। তবে ম্যাচটা ছিল প্রতিপক্ষের মাঠে। ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর গতকাল রোববার প্রথমবারের মতো ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেছিল স্লটের লিভারপুল।

ঘরের মাঠে অভিষেকটাও দারুণ হয়েছে স্লটের। মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াসের গোলে গতকাল ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এ ম্যাচে গ্যালারি থেকে প্রচুর সমর্থন পেয়েছেন ৪৫ বছর বয়সী এ জার্মান কোচ। ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ দিয়ে স্লট জানিয়েছেন, ম্যাচটা আগেই শেষ করা উচিত ছিল।

স্কোরলাইন অবশ্য ম্যাচের পুরো চিত্র বোঝাতে পারছে না। অ্যানফিল্ডে গতকাল ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। কিন্তু সালাহ-দিয়াসদের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয় ব্রেন্টফোর্ড রক্ষণ দেয়ালে। আবার কখনো অতিমানবীয় সেভ করেছেন ব্রেন্টফোর্ডের ডাচ গোলকিপার মার্ক ফ্লেকেন।

অবশ্য লিভারপুল প্রথম গোলটা পেয়েছে প্রতিআক্রমণে। ম্যাচের ১৩ মিনিটে কর্নার পেয়েছিল ব্রেন্টফোর্ড। সে কর্নারে নিজেদের ডি বক্সের সামনে থেকে বল পেয়ে এগিয়ে যান দিয়েগো জোতা। মধ্যমাঠ পেরিয়ে পাস দেন লুইস দিয়াসকে। সেটি নিয়ন্ত্রণে রেখে ফ্লেকেনকে পরাস্ত করেন দিয়াস। দ্বিতীয়ার্ধে স্কোরলাইন দ্বিগুণ করেন সালাহ। এ গোলের উৎস ছিলেন দিয়াস।

ঘরের মাঠে স্বস্তির জয়ে অ্যানফিল্ডে অভিষেক, সেটাও আবার সমর্থকের উষ্ণ অভ্যর্থনায়। গ্যালারীতে অনেকে ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে একটা ব্যানার নজর কেড়েছে, ‘বার্গেনথেইম থেকে অ্যানফিল্ড, আপনাকে আমরা গ্রহণ করেছি, আর্নে।’ বার্গেইনমেইন মূলত লিভারপুলের নতুন কোচের জন্মস্থান।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে স্লট বলেছেন, ‘এ সমর্থনটা আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। এটি ক্রমাগত অর্জন করতে হবে। আর তার একমাত্র উপায়, মাঠে ও মাঠের বাইরে আমাদের সর্বস্ব নিংড়ে দেওয়া। দলের ভালো খেলাটা সমর্থকেরা পছন্দ করেছিল। কিন্তু তারা দলকে কঠোর পরিশ্রম করতেও দেখতে চায়।’

লিভারপুলে এসে স্লট যে নতুন পরিবার পেয়েছেন, সেটাও উল্লেখ করলেন এ ডাচ কোচ, ‘এখানে যোগ দেওয়ার আগে আমাকে বলা হয়েছিল, লিভারপুল একটা পরিবারের মতো। আর এখন সেটা আমি অনেকভাবেই টের পাচ্ছি।’

টানা দুই জয় নিয়ে স্লটের ভাষ্য, ‘এ ধরনের সূচনা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। ছেলেরা আজকে বল ছাড়াও কঠোর পরিশ্রম করেছে, যা দ্বিতীয়ার্ধে আরও বেশি ভালো ফল নিয়ে এসেছে। এর কারণে অনেকগুলো সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমরা কেবল যেটা করতে পারিনি, ম্যাচটা আরও আগেই শেষ করা দরকার ছিল।’