ঘুরেফিরে মরিনিওকেই পেল ম্যান ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র হয়ে গেছে গতকাল, আজ হয়ে গেল ইউরোপের মহাদেশীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় ও তৃতীয় সারির দুই টুর্নামেন্ট ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ড্র। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পরিচিত মুখের সামনেই পড়তে হচ্ছে। ইউরোপা লিগে গ্রুপ পর্বে ম্যান ইউনাইটেডের আট ম্যাচের একটি যে ফেনেরবাচের সঙ্গে, এই মৌসুম থেকে তুর্কিশ ক্লাবটির কোচ ম্যান ইউনাইটেডেরই সাবেক কোচ জোসে মরিনিও।

চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপা ও কনফারেন্স লিগেও এবার আর গ্রুপ আলাদা করা নেই। ড্র-তে নির্ধারিত হয় একটি দল গ্রুপে কোন আটটি দলের বিপক্ষে খেলবে, সেটি। এই আট ম্যাচের মধ্যে চারটি হবে ওই দলের নিজেদের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে। ম্যান ইউনাইটেডের জন্য শঙ্কার ব্যাপার, মরিনিওর ফেনেরবাচের বিপক্ষে ম্যাচটি পড়েছে ফেনেরবাচের মাঠে।

শঙ্কা কেন? সেটি ম্যান ইউনাইটেডের কোচ থাকার সময়ে মরিনিওর একটি কথাই পরিষ্কার করে দেবে। সেবার ইউরোপা লিগে গ্রুপ পর্বে ফেনেরবাচেকে নিজেদের মাঠে ৪-১ গোলে হারালেও ইস্তাম্বুলে ২-১ গোলে হেরে যায় ম্যান ইউনাইটেড। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মরিনিও বলেছিলেন, রেয়াল মাদ্রিদ-চেলসি-পোর্তোর হয়ে তুরস্কের ক্লাবগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে তিনি নিজের দলকে ম্যাচের আগেই বলে রেখেছিলেন, তুরস্কের ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে খেলা সহজ, তবে তুরস্কে গিয়ে খেলা খুব কঠিন। তুরস্কের দর্শক যে মাঠে প্রতিপক্ষের জন্য ভয়জাগানিয়া এক পরিবেশই তৈরি করে রাখেন।

গ্রুপ পর্বে ম্যান ইউনাইটেডের আট প্রতিপক্ষ

রেঞ্জার্স, পোর্তো, পিএওকে, ফেনেরবাচে, বোদো/গ্লিমট, ভিক্তোরিয়া পলজেন, টোয়েন্টে, এফএসসিবি (আগের নাম স্তুয়া বুখারেস্তি)।

রোমার আট প্রতিপক্ষ

ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, ব্রাগা, এজেড আলকমার, দিনামো কিয়েভ, ইউনিয়ন সাঁ জিলোয়া, আথলেতিক ক্লুব দে বিলবাও, এলফবর্গ

টটেনহ্যাম

রোমা, রেঞ্জার্স, আলকমার, ফেরেঙ্কভারোস, কারাবাগ, গালাতাসারাই, এলফসবর্গ, হফেনহাইম

রেয়াল সোসিয়েদাদ

আয়াক্স, লাৎসিও, পিএওকে, ম্যাকাবি তেল-আভিভ, দিনামো কিয়েভ, ভিক্তোরিয়া পলজেন, অ্যান্ডারলেখট, নিস

ফেনেরবাচে

ম্যান ইউনাইটেড, স্লাভিয়া প্রাহা, লিওঁ, আলকমার, ইউনিয়স সাঁ জিলোয়া, মিতিউলান, আথলেতিক ক্লুব দে বিলবাও, টোয়েন্টে