সম্প্রতি দ্বিতীয় দফায় রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জোসে মরিনিও। কয়েকদিন আগে চুক্তি হলেও মরিনিওর মূল কাজ শুরু হবে বিশ্বকাপের পর। তবে তার আগে বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে মজার এক মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। রসিকতা করে মরিনিও জানিয়েছেন, রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা যেন বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেয়!
এবারের বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের ১১ জন ফুটবলার ৯টি ভিন্ন দলের হয়ে খেলছেন। এর মধ্যে ব্রাজিল ও ফ্রান্সের হয়ে খেলছেন সর্বোচ্চ দুজন করে। আর ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ে, তুরস্ক, মরক্কো ও অস্ট্রিয়ার হয়ে খেলছেন একজন করে।
তা মরিনিও কেন বিশ্বকাপ থেকে এসব দলের দ্রুত বিদায় চান? নিছক মজার ছলে বললেও এর পেছনের কারণটা সহজ, জুন-জুলাইয়ের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যেন খেলোয়াড়দের আগে ভাগে পান মরিনিও!
বিষয়টি নিয়ে মরিনিও বলেছেন, ‘বিশ্বকাপে আমার চাওয়া কী? আমি চাই রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা হেরে যাক... কারণ আমি চাই জুলাইয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ওরা দ্রুতই আমার কাছে ফিরে আসুক (হাসি)!’



