দুই মাস পর ফিরেই সব আলো নিজের দিকে টেনে নিলেন মেসি

সর্বশেষে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে ম্যাচের মাঝপথেই উঠে গিয়েছিলেন লিওনেল মেসি। এরপর পেরিয়ে গেছে দুই মাস, কিন্তু পুনর্বাসনে থাকা আর্জেন্টাইন মহাতারকাকে দেখা যায়নি মাঠে। অবশেষে সে অপেক্ষার অবসান হয়েছে আজ রবিবার। বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে প্রত্যাবর্তন ঘটে মেসির।

জোড়া গোল করে প্রত্যাবর্তনটাকেও দারুণভাবে রাঙিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির দুই গোলের সঙ্গে লুইস সুয়ারেসের একটি মিলিয়ে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

অবশ্য ঘরের মাঠে ঘরের মাঠে ম্যাচের ২ মিনিটেই মিকায়েল উরের গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ম্যাচের ২৬ মিনিটে মধ্যমাঠ থেকে সুয়ারেসের উদ্দেশ্যে বল বাড়ান জর্দি আলবা। সুয়ারেস আবার পাস দেন মেসিকে। সেটি নিয়ন্ত্রণে নিয়ে ফিলাডেলফিয়া ডিফেন্ডারকে ঘোল খাইয়ে ডান পায়ের মাটি কামড়ানো শটে ফিলাডেলফিয়ার জালে বল জড়ান মেসি।

এর চার মিনিট পরে আবারও মেসি ঝলক। এবারও গোলের উৎস সাবেক বার্সা সতীর্থ। জর্দি আলবার ক্রসে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন সুয়ারেস। এ গোলের যোগানদাতা আবার মেসি।

আলবার মাপা পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নেন মেসি। ফিলাডেলফিয়ার ডিফেন্ডাররা হয়তো ভেবেছিলেন, শটটা মেসিই নেবেন। মেসিকে ঠেকাতে গিয়ে অরক্ষিত হয়ে গড়েন সুয়ারেস। আর্জেন্টাইন কিংবদন্তিও সুযোগ বুঝে সুবিধাজনক স্থানে জাড়ানো সুয়ারেসকে পাস দেন। সেখান থেকে গোল করতে তেমন বেগ পেতে হয়নি সুয়ারেসকে।

এ জয়ে এমএলএসের ২৮ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করল মায়ামি। দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামিই সবার ওপরে।