গতকাল শনিবার প্রিমিয়ার লিগের দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৫ মিনিটে গাভার্দিওলের গোলে এগিয়ে গেলেও অ্যান্থনি গর্ডনের পেনাল্টি গোলে সমতায় ফেরে নিউক্যাসল। ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি। প্রিমিয়ার লিগে টানা দুটি ম্যাচে ড্র করল পেপ গার্দিওলার দল।
টানা দুই ম্যাচে সিটির পয়েন্ট হারানোর পূর্ণ সুবিধা নিয়েছে লিভারপুর। গতকাল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছ আর্নে স্লটের দল। একই সঙ্গে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অলরেডরা।
মলিনাক্স স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিম কোনাতের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৬তম মিনিটে লিভারপুল রক্ষণের ভুলের সুযোগে উলভারহ্যাম্পটনের পক্ষে সমতা ফেরান আলজেরিয়ার লেফট ব্যাক রায়ান আইত নুরি। এর ৫ মিনিট পর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।
এ নিয়ে পেনাল্টি থেকে ১০বার জয়সূচক গোল করলেন সালাহ। প্রিমিয়ার লিগ ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৮ পেনাল্টি থেকে জয়সূচক গোল করে এ তালিকায় সবার ওপরে ফ্রাঙ্ক ল্যামপার্ড। ১২ গোল নিয়ে দুইয়ে আছেন অ্যালান শিয়েরার। প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে এ নিয়ে ২৩১ গোলে (১৫৯ গোল ও ৭২ অ্যাসিস্ট) সরাসরি অবদান রাখলেন সালাহ, যা লিগ ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ।
চলতি মৌসুমে গতকালের ম্যাচটি ছিল লিগে লিভারপুলের তৃতীয় অ্যাওয়ে ম্যাচ। ক্লাব ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো মৌসুমের প্রথম তিন অ্যাওয়ে ম্যাচেই পূর্ণাঙ্গ তিন পয়েন্ট করে আদায় করতে পারল অলরেডরা। এর আগে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে এ কীর্তি গড়েছিল লিভারপুল।
গতকালের জয়ে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে উঠেছে স্লটের দল। অন্যদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে সিটি।
একদিকে নিউক্যাসলের সঙ্গে হোঁচট, অন্যদিকে শীর্ষস্থান হাতছাড়া- এ দুরাবস্থার জন্য মিডফিল্ডে রদ্রির অনুপস্থিতির অজুহাত দিয়েছেন গার্দিওলা।
সম্প্রতি চোটে পুরো মৌসুম শেষ হয়েছে স্প্যানিশ মিডফিল্ডারের। সেটি মনে করিয়ে দিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি জানি আপনারা (পয়েন্ট হারানোর) কারণ জানতে চান। কিন্তু ম্যাচে ওর (রদ্রি) অভাব টের পাওয়া গেছে। কোভাচিচ, বের্নার্দো সিলভা, রিকো (লুইস) ভালো করেছে, কিন্তু আমাকে (রদ্রির) বিকল্প খুঁজে বের করতে হবে।’ গার্দিওলা যোগ করেন, ‘যা হওয়ার হয়েছে। মাঝে মধ্যে এমনটা হতেই পারে। আমাদের এতে (রদ্রিকে ছাড়া খেলা) অভ্যস্ত হতে হবে।’