বিদায় নেওয়ার দাবির মাঝে তিনি বললেন ‘সবাই একই নৌকায়’

মাসের শুরু আর শেষটা যেন একই বৃত্তে মিলে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। সেপ্টেম্বরের শুরুতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল এরিক টেন হাগের দল। মাস শেষ হওয়ার একদিন বাকি থাকতে ঘরের মাঠে টটেনহামের মুখোমুখি হয়েছিল রেড ডেভিলরা। গতকালও ৩-০ ব্যবধানে হেরেছে টেন হাগের দল।

এমন অবস্থায় টেন হাগের বিদায় চাওয়ার দল আরও ভারী হয়েছে। কাল ম্যাচ জুড়ে গ্যালারি থেকে দুয়ো শুনেছেন। কিন্তু ডাচ কোচ এখনো চিন্তিত নন, তাঁর দাবি মালিকপক্ষ একই নৌকায় আছেন।

গতকাল রবিবার ইউনাইটেডের মাঠে এসে রীতিমতো ছড়ি ঘুরিয়েছে টটেনহাম। ম্যাচের তৃতীয় মিনিটেই ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহাম। গোল খেয়েও আড়মোড়া ভাঙেনি ইউনাইটেডের। উল্টো প্রথমার্ধের ৪২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

প্রায় ৫০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে ইউনাইটেড। এক জন কম নিয়ে পেরে ওঠেনি টটেনহামের সঙ্গে। ইউনাইটেড রক্ষণকে ব্যতিব্যস্ত রেখে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে টটেনহাম। ওল ট্রাফোর্ডে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার বছরে এটি টটেনহামের প্রথম জয়। এ মাঠে টটেনহাম শেষবার জিতেছিল ২০২০ সালের অক্টোবরে।

শুধু এ ম্যাচে নয়, মৌসুমের শুরু থেকেই হতশ্রী পারফরম্যান্স উপহার দেওয়া ইউনাইটেড এখন পর্যন্ত লিগে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে টেন হাগের দল। ঘরোয়া লিগে ৬ রাউন্ড শেষে ক্লাব ইতিহাসে এটাই যৌথভাবে ইউনাইটেডের সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড।

৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়ে ৮ গোল হজম করেছে ইউনাইটেড। লিগের প্রথম ছয় ম্যাচে এর চেয়ে কেবল একবারই (২০০৭-০৮ মৌসুমে) কম গোল করেছিল দলটি। ২০২১ সালের নভেম্বরের পর ওল্ড ট্রাফোর্ডে এই প্রথম টানা দুই ম্যাচ গোল করতে ব্যর্থ হল ইউনাইটেড। মজার বিষয়, ছাঁটাই হওয়ার আগে ঘরের মাঠে সেটাই ছিল ওলে গুনার সুলশারের শেষ দুই ম্যাচ।

অনুমিতভাবে ইউনাইটেডের এমন পারফরম্যান্সে ইংলিশ ক্লাবটির ডাগআউটে টেন হাগের ভবিষ্যৎ নড়বড়ে হয়েছে। ক্লাবটির সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ইউনাইটেডের পারফরম্যান্সকে লজ্জার ও বিরক্তিকর বলে উল্লেখ করে বলেছেন, ‘টেন হাগের অধীনে ইউনাইটেডের আমার দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্সের একটা। এবং এ ম্যাচটা অনেক কিছুই বলছে। এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিল। ওরা কতটা নিচে নেমে গেছে, এটা আমাকে হতবাক করে দিয়েছে।’

তবে এসব সমালোচনা কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবছেন না টেন হাগ। ম্যাচ শেষে এ ডাচ কোচ বলেছেন, ‘আমি এসব নিয়ে মোটেও ভাবছি না।’ টেন হাগ জানিয়েছেন, তাঁর দল অনেক ভুল করেছে এবং তিন মিনিটের মধ্যে গোল খাওয়ায় আত্মবিশ্বাস হারিয়েছিল।

ইউনাইটেড কোচের বিশ্বাস, দ্রুতই বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়াবেন তাঁরা। টেন হাগের ভাষায়, ‘আমাদের কিছু সময় দরকার। আমার মনে হয় তাহলে আমরা ভালো করব। মালিকপক্ষ, পরিচালনা গ্রুপ, স্টাফ এবং খেলোয়াড়- আমরা সবাই একই নৌকায় আছি। আমার ও (ছাঁটাই) নিয়ে চিন্তিত নই।’