আর্জেন্টিনার ম্যাচে ঘূর্ণিঝড় মিল্টন যেভাবে প্রভাব ফেলতে যাচ্ছিল

ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় স্বাগতিকদের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। তবে এর আগে সম্ভাবনা জেগেছিল, হারিকেন মিল্টনের কারণে ম্যাচ পিছিয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেই মূলত প্রভাব ফেলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন। সেক্ষেত্রে ভিন্ন এক মহাদেশে হওয়া এক ম্যাচে কীভাবে মিল্টন কীভাবে প্রভাব ফেলছে, সেটা জানতে একটু কৌতূহল জাগতে পারে। কারণটা রাজনৈতিক।

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আর্জেন্টিনার। কূটনৈতিক এই সম্পর্কচ্ছেদের কারণে দুই দেশের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট নেই। আবার আর্জেন্টিনা দলকে পর্যাপ্ত অনুশীলন সুবিধা দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন।   

একদিকে মেসিসহ দলের বেশ কয়েকজন আমেরিকাতেই খেলেন, ওদিকে ফ্লোরিডার মায়ামি দারুণ অনুশীলন সুবিধা করে দিয়েছেন মেসি। তাই আর্জেন্টিনা দল সেখানেই অনুশীলন করছিল। এমন সময়ে দুই সপ্তাহের মধ্যেই ফ্লোরিডায় দ্বিতীয় হারিকেন হাজির হয়েছে।

মিল্টন ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়। আটলান্টিক অঞ্চলের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ মাত্রা। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ মাইল পর্যন্ত উঠতে পারে। প্রায় ৫৫ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লোরিডা রাজ্যের ইতিহাসে এত মানুষকে এর আগে ঘরছাড়া হতে হয়নি।

এ অবস্থায় আর্জেন্টিনা ভেনেজুয়েলায় যেতে পারবে কি না শঙ্কা জেগেছিল। তবে সময়মতো কলম্বিয়ার উদ্দেশ্যে উড়াল দিতে পেরেছেন মেসিরা। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের প্লেনে ওঠার ছবি তা নিশ্চিত করেছে।

মেসিরা কলম্বিয়ায় চলে গেছেন নিরাপদে। ছবি: টুইটার

এর আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ম্যাচ না পেছালেও মিল্টন তাদের পরিকল্পনায় এমনিতেও ব্যাঘাত ঘটিয়েছে, ‘আমরা আজই যেতে চেয়েছিলাম, কিন্তু হারিকেনের জন্য মানা করা হয়েছে। আমরা বুধবারই (স্থানীয় সময়) যাব। বৃহস্পতিবার যাওয়া প্রায় অসম্ভব।’

স্কালোনি অবশ্য ধরেই নিয়েছিলেন, বুধবারও হয়তো আর যাওয়া হবে না তাঁদের, ‘আমাদের ওপর এটা নির্ভর করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মানুষের স্বাস্থ্য। বাইরে কী হচ্ছে, সেটা থেকে নিজেদের দূরে রাখতে পারি না আমরা, নিজেদের বাঁচাতে মানুষ নিজেদের ঘর ছাড়ছে। এটা একদমই ব্যতিক্রমী কিছু, এমন কিছুর সঙ্গে আমাদের পরিচয় না।’

তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই ফ্লোরিডা ছাড়তে পেরেছে আর্জেন্টিনা।