ইংল্যান্ডে জন্ম নেওয়া গ্রিক ফুটবলার জর্জ বালডকের মৃতদেহ অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলের গ্লাইফাদা অঞ্চলে তাঁর বাড়ির সুইমিং পুলে পাওয়া গেছে। শেফিল্ড ইউনাইটেডের সাবেক ডিফেন্ডারের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
কয়েক ঘণ্টা ফোনে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইংল্যান্ডে থাকা তাঁর স্ত্রী চিন্তায় পড়ে যান। পরে বাড়ির মালিক এসে সুইমিং পুলে খুঁজে পান বালডককে। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছে বালডকের চেতনা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। জরুরি মেডিক্যাল ইউনিটও তাঁর মৃত্যু নিশ্চিত করেছে। এই গ্রীষ্মেই শেফিল্ড ছেড়ে গ্রিক ক্লাব প্যানাথাইনাইকোসে যোগ দিয়েছিলেন গ্রিক ডিফেন্ডার।
পরিবারের এক সদস্য বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি দুঃখজনকভাবে জর্জ চলে গেছে। পরিবারের সবাই এই ভয়াবহ ঘটনায় হতবাক।’ প্যানাথাইনাইকোস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা হতবাক, আমাদের জর্জের বিদায়ে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি। প্যানাথাইনাইকোস তাঁর অসময়ের মৃত্যুতে শোকাহত। জর্জ বালডকের পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।’
ইংল্যান্ডে সাত বছর যে ক্লাবে খেলেছেন, সেই শেফিল্ড ইউনাইটেডও এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাত বছর ব্রামাল লেনে থাকার পর এই গ্রীষ্মেই ক্লাব ছেড়েছিলেন। সমর্থক, স্টাফ ও সতীর্থদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে জড়িত সবাই জর্জের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছে। ’
গত রোববার অলিম্পিয়াকোসের বিপক্ষেও প্যানাথাইনাইকোসের হয়ে মাঠে নেমেছিলেন বালডক। গ্রিস জাতীয় দলে ১২ ম্যাচ খেলা এই ফুটবলারের দাদি ছিলেন গ্রিসের অধিবাসী।