সতীর্থের মৃত্যুর শোককে প্রেরণা বানিয়ে পেল রূপকথার মতো এক জয়

ইংল্যান্ডের বিপক্ষে আগের ৯ বারের দেখায় ৭ হারের বিপরীতে ২ ড্র। আন্তর্জাতিক ফুটবলে কখনোই ইংলিশদের হারাতে পারেনি গ্রিস। অবশেষে দশমবারের প্রচেষ্টায় ইংলিশ বাধা ডিঙাতে পেরেছে গ্রিকরা। গতকাল বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে গ্রিস। জয়টাও এসেছে রূপকথার গল্পের মতো নাটকীয়তায়।

ওয়েম্বলিতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গ্রিসকে এগিয়ে দেন ভাঞ্জেলিস পাভলিদিস। ৮৭তম মিনিটে জুড বেলিংহামের গোলে সমতায় (১-১) ফেরে ইংলিশরা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইংলিশ সমর্থকদের স্তব্ধ করে গ্রিসের জয়সূচক গোলটি করেন পাভলিদিস।

দুর্দান্ত এ জয়ের পর স্বাভাবিকভাবে আনন্দে ভেসে যাওয়ার কথা গ্রিসের ফুটবলারদের। কিন্তু গ্রিক রূপকথা লেখার রাতে তাঁরা আনন্দে ভাসলেন না। বরং অকাল প্রয়াত সতীর্থকে হারানোর বেদনা ফুটে উঠল তাদের উদযাপনে। ম্যাচ শেষে গ্রিসের জয়ের নায়ক পাভলিদিস জানালেন, জর্জ বালডকের জন্য হলেও ম্যাচটা জিততে চেয়েছিলেন তারা।

ঘটনা ম্যাচের একদিন আগের। গত বুধবার রাতে গ্রিক ফুটবলার জর্জ বালডকের মৃতদেহ পাওয়া গেছে। অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলের গ্লাইফাদা অঞ্চলে তাঁর বাড়ির সুইমিংপুল থেকে বালডকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইংল্যান্ডে জন্ম নেওয়া শেফিল্ড ইউনাইটেডের সাবেক এ রাইটব্যাকের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক হলেও জাতীয় দল হিসেবে গ্রিসকে বেছে নেন বালডক। মূলত তাঁর দাদি ছিল গ্রিসের অধিবাসী। দেশটির জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন বালডক। গ্রিসের হয়ে সর্বশেষ তাঁকে দেখা গেছে চলতি বছরের মার্চে, জর্জিয়ার বিপক্ষে ম্যাচে। এরপর চোট ও অফফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী রাইটব্যাক। জাতীয় দলে প্রত্যাবর্তনের আগেই এ দুনিয়ার বাইরে চলে গেলেন বালডক।

তাঁর অকাল প্রয়ানে গতকাল ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্রিসের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড বেঁধে নেমেছিলেন। ম্যাচ শেষে দলের সবাই মিলে বালডকের দুই নম্বর জার্সি মেলে ধরে জয়টা তাঁকে উৎসর্গ করেন।

গ্রিসের জয়ের নায়ক পাভলিদিস সে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘জর্জের (বালডক) কারণে এ ম্যাচটা আমাদের জন্য স্পেশাল ছিল। এবং অবশ্যই সে ও তাঁর পরিবারের জন্য (ম্যাচে) সবকিছু উজাড় করে দিয়েছি।’

পাভলিদিস যোগ করেন, ‘শুধু এটাই বলেছি, আমাদের ওর (বালডক) জন্য খেলতে হবে। আজকের ম্যাচের স্কোর কোনো ব্যাপার না। (আমরা বলেছিলাম) ম্যাচটা তাঁর জন্য খেলতে চাই এবং তাঁর জন্য আমরা সব উজাড় করে দিয়েছি।’