এমবাপ্পেকে জড়িয়ে ধর্ষণের অভিযোগ, পিএসজিকে দুষছেন রেয়াল মাদ্রিদ তারকা

পিএসজির সঙ্গে ঝামেলার শেষে এই মৌসুমে বিনা মূল্যে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের ক্লাব সেটি – সে তো ক্যারিয়ারের শুরু থেকে বারবারই বলে এসেছেন ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। কিন্তু স্বপ্নের মাদ্রিদে গিয়েও কি শান্তিতে আছেন?

শুরু থেকেই তো অনেক ঝামেলায় ছিলেন, তবে সেসব অত বড়সড় কোনো ঝামেলা নয়। কিন্তু এবার ধর্ষণের এক অভিযোগেই জড়িয়ে গেল এমবাপ্পের নাম! আন্তর্জাতিক বিরতির এ সময়ে এমবাপ্পে ফ্রান্স দলে অনুপস্থিত, গত বৃহস্পতি ও শুক্রবার এমবাপ্পে তাঁর কাছের মানুষদের নিয়ে ছুটি কাটিয়েছেন সুইডেনের স্টকহোমে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন করেছে সুইডিশ সংবাদমাধ্যম আফতনব্লাদেট।

ঠিক এমবাপ্পেই ধর্ষণ করেছেন, এমনটা বলা হয়নি, তবে কারও নাম সুনির্দিষ্ট করেও বলা হয়নি প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, এমবাপ্পে ও তাঁর কাছের মানুষদের মধ্যে কেউ ধর্ষণ করেছেন। এমবাপ্পে অবশ্য এটিকে ‘ফেইক নিউজ’ জানিয়ে এর সঙ্গে পিএসজির দিক থেকে নোংরা খেলার ইঙ্গিত টেনেছেন!

রেয়াল মাদ্রিদে গিয়ে এই মৌসুমে একেবারে যে ঝলসে উঠেছেন এমবাপ্পে, এমন নয়। তবে একেবারে খারাপও করছেন না। এ পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১১ ম্যাচে ৭ গোল, ১ অ্যাসিস্ট। কিন্তু শুরু থেকে মাদ্রিদে তাঁর মানিয়ে নেওয়া, লিগে প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া, তাঁর কারণে ভিনিসিয়ুস-রদ্রিগোদের খেলার ধরনে বাধা পাওয়া – কত সব কথাই না এসেছে! এর মধ্যে পিএসজির কাছ থেকে তাঁর ৬ কোটি ডলার পাওনার অভিযোগ নিয়ে টানাটানি চলছেই, সেই অভিযোগের একটা শুনানি আজ মঙ্গলবারই হওয়ার কথা প্যারিসে।

সর্বশেষ সমালোচনা তাঁকে ঘিরে এসেছে এবারের আন্তর্জাতিক বিরতিকে ঘিরে, ফ্রান্স দল নেশনস লিগে খেললেও সেখানে নেই এমবাপ্পে। অথচ তিনি ফরাসি দলটার অধিনায়ক! শোনা গেছে, ২০২৫ বালন দ’র জিততে ফ্রান্সের হয়ে অর্থহীন ম্যাচে তাঁকে দলে না রাখতেই নাকি ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁকে অনুরোধ করেছেন এমবাপ্পে, তারই পরিণতি এবারের আন্তর্জাতিক ম্যাচগুলোর সময়ে তাঁর বিরতিতে যাওয়া। এ নিয়ে ফ্রান্সে চলছে তুমুল সমালোচনা।   

কিন্তু ধর্ষণের অভিযোগের পর আগের অভিযোগগুলোকে জোলোই মনে হবে! আফতনব্লাদেতের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার এমবাপ্পে এবং তাঁর সঙ্গে থাকা গ্রুপটি এক রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েছে, পরে নাইটক্লাবে গেছে। এরপর স্টকহোম সিটি সেন্টারে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। গত শনিবার পুলিশের কাছে ধর্ষণের শিকার নারী লিখিত অভিযোগ করেছেন, যা তাদের নজরে এসেছে বলে জানিয়েছে আফতনব্লাদেত। তবে অভিযোগটি কার বিরুদ্ধে করা হয়েছে, সেটি নির্দিষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি। গতকাল সোমবার সংবাদমাধ্যমটি একটি ছবি ছাপিয়েছে, যেখানে দেখা যায়, এমবাপ্পেরা যে হোটেলে উঠেছেন, তার সামনে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে।

তবে এমবাপ্পে ও তাঁর পরিবার এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমবাপ্পে এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে এমন অভিযোগের সঙ্গে পিএসজির বিরুদ্ধে তাঁর অভিযোগের শুনানির সময়ের একটা যোগসূত্র টানছেন, ‘ফেইক নিউজ! এত অনুমিত হয়ে যাচ্ছে ব্যাপারগুলো! (অভিযোগটা) এল শুনানির ঠিক আগের দিন, এ যেন কাকতালীয় একটা ব্যাপার!’ সংবাদসংস্থা এএফপিতে এমবাপ্পের কাছের মানুষের অভিযোগেও একই সুর, ‘ন্যাক্কারজনক একটা গুজব আজ সুইডিশ সংবাদমাধ্যম আফতনব্লাদেতের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই অভিযোগগুলো পুরোপুরিই মিথ্যা, দায়িত্বহীনের মতো কাজ। এই প্রপাগান্ডা মেনে নেওয়া যায় না।’ এমবাপ্পে এ প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।

পিএসজি অবশ্য এমবাপ্পে ও তাঁর আশপাশের মানুষের দিক থেকে যাওয়া এসব অভিযোগে গা করছে না। এএফপিতে পিএসজির এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সুইডেনের ওই প্রতিবেদনের সঙ্গে পিএসজির অভিযোগের শুনানির সময় মিলিয়ে এমবাপ্পে ও তাঁর কাছের মানুষের দিক থেকে পিএসজিকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, পিএসজি সেটিকে পাত্তা দিচ্ছে না।