৯৩০০ কোটি উড়িয়েছেন টেন হাগ, ছাঁটাইয়ের আগে পোষাতে পারেননি দশ ভাগের এক ভাগও

গত মৌসুমের শেষেই তাঁকে ছাঁটাই করার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। নতুন মৌসুমে নতুন আশা নিয়ে আবার এরিক টেন হাগের ওপরই ভরসা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ভুল ভাঙতে বেশিদিন সময় লাগেনি। মৌসুমের মাত্র মাস দুয়েকই গেছে, এর মধ্যেই আজ ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ে দিয়েছে, এরিক টেন হাগ ক্লাবের মূল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে গেছেন।

আপাতত ম্যান ইউনাইটেড ও রেয়াল মাদ্রিদের সাবেক ডাচ স্ট্রাইকার এবং এই মৌসুমে টেন হাগেরই সহকারী হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া রুদ ফন নিস্তলরুইকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে মূল কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করবে ম্যান ইউনাইটেড। সে দৌড়ে কদিন আগে বার্সেলোনার সাবেক কোচ শাভি এর্নান্দেসের নাম শোনা গেছে।

তাঁর অধীনে নেদারল্যান্ডস ও ইউরোপে আয়াক্সকে মুগ্ধতা ছড়াতে দেখে ২০২২ সালের এপ্রিলে টেন হাগকে নিয়োগ দেয় ম্যান ইউনাইটেড। সে থেকে এই মৌসুমের দলবদলের মৌসুম পর্যন্ত ইউনাইটেডে ৬০ কোটি পাউন্ড খরচ করে একের পর এক খেলোয়াড় কিনেছিলেন টেন হাগ। কিন্তু বিপরীতে সাফল্য বলতে শুধু ২০২৩ সালে একটা লিগ কাপ আর ২০২৪ সালে এফএ কাপ।

ইউনাইটেডের খেলার ধরনেও তাঁর অধীনের আয়াক্স তো দূরের কথা, কোনো বলার মতো স্টাইলও দেখা যায়নি। আর পারফরম্যান্স? গতকাল লিগে ওয়েস্ট হ্যামের কাছে হার নিয়ে সর্বশেষ ৮ ম্যাচে মাত্র ১ জয় ইউনাইটেডের। ৯ ম্যাচ শেষে লিগে তারা আছে ১৪তম অবস্থানে, ইউরোপা লিগে ২১তম!

এমন পারফরম্যান্সের পর টেন হাগের ছাঁটাই হওয়ার প্রশ্নটা ‘হবে কি না’ ছাপিয়ে হয়ে উঠেছিল ‘কখন হবে।’ সেটি হয়ে গেল আজ। ম্যান ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের কোচের দায়িত্ব থেকে সরে গেছেন।’ এরপর তাঁর অধীনে ইউনাইটেডের দুটি ঘরোয়া কাপ জেতার কথা উল্লেখ করে বিবৃতিতে লেখা, ‘আমাদের সঙ্গে যতটা সময় ছিলেন, সে সময়ে যা করেছেন তার জন্য এরিককে আমরা ধন্যবাদ জানাই, ভবিষ্যতের জন্য জানাই শুভকামনা।’