ম্যান ইউনাইটেড

কোচ ছাঁটাই হওয়ার পর তাঁর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক

এরিক টেন হাগকে বিদায় করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আপাতত টেন হাগেরই সহকারী হিসেবে এই মৌসুমের শুরু থেকে কাজ করা রুদ ফন নিস্তলরয় দায়িত্ব সামলালেও আগামী ১১ নভেম্বর থেকে রুবেন আমোরিম দায়িত্ব নিতে যাচ্ছেন – এটাও নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে ক্লাবের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস জানালেন, ছাঁটাই হওয়া কোচ টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

টেন হাগের বিদায়ের পর নিস্তলরয়ের অধীনে গতকাল লিগে প্রথম ম্যাচটি খেলেছে ম্যান ইউনাইটেড। এর আগে লিগ কাপে লেস্টার সিটিকে হারিয়েছে ইউনাইটেড। গতকাল ঘরের মাঠে লিগের ম্যাচটিতে চেলসির বিপক্ষে পেনাল্টি থেকে ফের্নান্দেসের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে। এই ম্যাচের পরই টেন হাগের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন ফের্নান্দেস।

স্কাই স্পোর্টসে ফের্নান্দেস বলেছেন, ‘যখন একজন কোচের চাকরি যেতে দেখি, তখন নিজেকেও দোষী মনে হয়। কারণ দল ভালো করছিল না বলেই তো এটা (কোচকে ছাঁটাই) হয়! ১৫ জন খেলোয়াড়কে বাদ দিয়ে দেওয়ার চেয়ে কোচকে ছাঁটাই করাই সহজ।’

কিন্তু তিনি কেন টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন? সে ব্যাখ্যাও এরপর দিয়েছেন ফের্নান্দেস, ‘আমি কোচের (টেন হাগ) সঙ্গে কথা বলেছি, তাঁর কাছে ক্ষমা চেয়েছি। তাঁকে চলে যেতে হওয়ায় আমার খুব খারাপ লেগেছে, আমি চেয়েছিলাম তাঁর কাজটা সহজ করে দিতে। আমি গোল পাচ্ছিলাম না, আমরা গোল করতে পারছিলাম না, সে কারণে আমার নিজেকে দোষী মনে হচ্ছিল।’

দলের ব্যর্থতার দায়ই কোচকে নিয়ে হয় জানিয়ে ফের্নান্দেস বলেন, ‘একজন কোচকে যেতে হওয়া তো কারও জন্যই ভালো কিছু নয়। দলটা ভালো খেলছিল না, ফল ভালো হচ্ছিল না, আর এসবের মূল্য দিতে হলো তাঁকে।’

তবে টেন হাগ অধ্যায় তো শেষ, নিস্তলরয়ের অধ্যায়ও সাময়িক, এখন ইউনাইটেড অপেক্ষায় আমোরিম-যুগের। লেস্টার ও চেলসির পর নিস্তলরয়ের অধীনে আর দুটি ম্যাচ খেলবে ম্যান ইউনাইটেড – ইউরোপা লিগে পিএওকের বিপক্ষে, এরপর লিগে লেস্টার সিটির বিপক্ষে। তবে টেন হাগের বিদায়ে নিস্তলরয়ও বেদনার্ত, ‘গত সোমবার থেকে আজ (গতকাল) পর্যন্ত খুব কঠিন কয়েকটি দিন কেটেছে। আবেগের উত্থান-পতনে ভরা ছিল সময়টা। এরিককে বিদায় নিতে হয়েছে দেখে খারাপ লাগছে।’