ডেভিড কুট এমনিতেই মহা বিপদে আছেন। একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে খুব বাজে গালি দিচ্ছেন। ইংলিশ রেফারিকে আপাতত কোনো ম্যাচ পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে।
এর মধ্যেই কুটের বিরুদ্ধে দুটি ভয়ংকর অভিযোগ উঠেছে। গত ইউরোতে নকআউট পর্বের ম্যাচের পর কোকেন নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ইংলিশ লিগ কাপে ম্যাচের বিরতিতেও ড্রাগ পার্টির পরিকল্পনা করছিলেন!
ক্লপকে গালাগালি করায় ৪২ বছর বয়সীর ব্যাপারে তদন্ত করছে ইংলিশ ফুটবল ফেডারেশন ও প্রিমিয়ার লিগ রেফারিদের সংগঠন। এর মধ্যে দ্য সান একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে একটি সাদা পাউডার নাক দিয়ে টানছেন কুট। যেভাবে সেটা নিচ্ছেন এবং পাউডারের রং দেখে সান ধারণা করছেন ইংলিশ রেফারি কোকেন নিইচ্ছিলেন।
ভিডিওতে দেখা গেছে এক লোক ইউএস ডলারের ওপর রাখা একটা সাদা পাউডার টানছেন। দ্য সানের দাবি, ভিডিওটি গত ৬ জুনের। এর আগের দিনই স্পেন ও জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিএআর রুমে দায়িত্ব পালন করেছেন কুট। দাবি করা হচ্ছে, নিজেই ওই ভিডিওটি এক বন্ধুর কাছে পাঠিয়েছিলেন কুট।
এরই মধ্যে উয়েফা এই রেফারিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। ইউরোর ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে কুট কোনো শৃঙ্খলাজনিত নিয়ম ভেঙেছে কিনা, তা জানতে কর্মকর্তা নিয়োগ দিয়েছে তারা।
এরই মধ্যে আরেকটি অভিযোগ হাজির হয়েছে। গত মাসে লিগ কাপে ম্যানচেস্টার সিটি ও টটেনহামের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করেছেন কুট। ম্যাচে চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। দ্য সান দাবি করছে, ম্যাচ চলাকালেই একটা ড্রাগ পার্টি আয়োজনের পরিকল্পনা করছিলেন তিনি। মাঝবিরতিতে এক বন্ধুকে মেসেজ পাঠিয়েছিলেন, ‘আশা করি তুমি প্রস্তুত আছ,’ তবে পরে পার্টটি আর হয়নি।