লিওনেল মেসি মাঠে নামবেন, নতুন কোনো রেকর্ড যুক্ত হবে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে- এটা অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে মুড়ি-মুড়কির মতো এতসব রেকর্ড ভেঙেছেন মেসি, এখন আর নতুন কোনো কীর্তি গড়লেও মেসি ভক্তদের যেন কিছুই যায় আসে না!
এই যেমন আজ সকালে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানের জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করার বন্দোবস্ত করেছে আর্জেন্টিনা। মেসির সহায়তায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেছেন লওতারো মার্তিনেস। আর তাতেই রেকর্ড বইয়ে উঠেছে আর্জেন্টাইন অধিনায়কের নাম। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি।
আজকের অ্যাসিস্টসহ দেশের জার্সিতে সর্বোচ্চ ৫৮ গোলে জোগান দিলেন মেসি। সাবেক বার্সা তারকা যেভাবে খেলা গড়ে দেন, সতীর্থদের গোলে অবদান রাখেন, তাতে এ রেকর্ডটা যে একদিন মেসির দখলে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে অবাক করবে মেসির পাশে থাকা অন্য নামটি। যুক্তরাষ্ট্রের সাবেক স্ট্রাইকার লানডন দোনোভান ৫৮ অ্যাসিস্ট নিয়ে এতোদিন এ তালিকায় একভাবে শীর্ষে ছিলেন।
২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলা দনোভান ১৫৭ ম্যাচে ৫৭ গোলের পাশাপাশি ৫৮ গোলে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ১৯১ ম্যাচ খেলা মেসির নামের পাশে ১১২ গোলের সঙ্গে ৫৮ অ্যাসিস্ট হয়ে গেল। সব মিলিয়ে এটি মেসির ক্যারিয়ারে ৩৭৯তম অ্যাসিস্ট!
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট (শীর্ষ ৫):
ক্রম | নাম | দেশ | ম্যাচ | অ্যাসিস্ট |
১ | লিওনেল মেসি | আর্জেন্টিনা | ১৯১ | ৫৮ |
২ | লানডন দোনোভান | যুক্তরাষ্ট্র | ১৫৭ | ৫৮ |
৩ | নেইমার | ব্রাজিল | ১২৮ | ৫৭ |
৪ | ফেরেঙ্ক পুসকাস | হাঙ্গেরি | ৮৯ | ৫৩ |
৫ | সান্তর পিতার কোসিস | হাঙ্গেরি | ৬৮ | ৫০ |