বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে নিজেদের মাঠে আজ আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছে। দারুণ বাইসাইকেল কিকে গোলটা করেছেন লওতারো মার্তিনেস, তবে গোলটা গড়ে দেওয়ার পথে দুই-তিন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ড্রিবলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন লিওনেল মেসিও। বছরটা জয়ে শেষ করতে পারার তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
তবে মাঠ ছাড়ার পরই একটা খবরে মন খারাপ হওয়ার কথা মেসির। হঠাৎই খবর এসেছে, তাঁর ক্লাব ইন্টার মায়ামির দায়িত্ব ছেড়ে দিয়েছেন এর আগে আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায়ও তাঁকে কোচিং করানো কোচ হেরার্দো মার্তিনো।
ইএসপিএন জানাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির দায়িত্ব এরই মধ্যে ছেড়ে দিয়েছেন হেরার্দো ‘তাতা’ মার্তিনো। ইন্টার মায়ামিতে তাঁর চুক্তির আরও এক বছর বাকি ছিল। আগামী ২২ নভেম্বর ক্লাবের মালিকানায় অংশীদার হোর্হে মাস এবং ফুটবল পরিচালনা বিভাগের প্রেসিডেন্ট রাউল সানিয়েহির সঙ্গে মিলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন মার্তিনো, এমনটাই লিখেছে ইএসপিএন।
মেসি-সুয়ারেস-বুসকেতস-আলবার সঙ্গে ফেদেরিকো রেদোন্দোর মতো প্রতিভাদের নিয়ে গড়া ইন্টার মায়ামিকে এই মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সেরা দল বানিয়েছেন মার্তিনো। নিজেদের ইস্টার্ন কনফারেন্সেরই সেরা দল তো হয়েছেই, ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও সেরা দল হয়ে মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড - ইউরোপিয়ান লিগগুলোতে লিগ শিরোপার সঙ্গে যেটির তুলনা হতে পারে। শুধু সাপোর্টার্স শিল্ডই জেতেনি, এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়েছে মেসি-মার্তিনোর ইন্টার মায়ামি!
তবে এরপর প্লে-অফের প্রথম রাউন্ডেই আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়েছে মায়ামি। ওই হারেই মৌসুম শেষ হয়ে গেছে তাদের। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। নতুন কোচের খোঁজে তাই অনেক সময়ই পাচ্ছে ইন্টার মায়ামি। শোনা যাচ্ছে, বার্সেলোনার সাবেক কোচ এবং মেসি-সুয়ারেসদের সঙ্গে বার্সেলোনায় খেলা কিংবদন্তি মিডফিল্ডার শাভি এর্নান্দেস হতে যাচ্ছেন ইন্টার মায়ামির নতুন কোচ।
ফিল নেভিল বরখাস্ত হওয়ার পর ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব পান মার্তিনো। গত মৌসুমে মেসি যোগ দেওয়ার পর মায়ামিকে ২০২৩ লিগ কাপ জিতিয়েছেন, এবার জিতিয়েছেন সাপোর্টার্স শিল্ড। তবে ওই অঞ্চলের মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্ট কনক্যাকাফ চ্যাম্পিয়নস লিগে একেবারেই ভালো করতে পারেনি।