আর্জেন্টিনা দলে মেসির বন্ধুই হচ্ছেন মেসির ক্লাবের কোচ

হঠাৎ করেই ইন্টার মায়ামির দায়িত্ব ছেড়ে দিয়েছেন হেরার্দো তাতা মার্তিনো। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় লিওনেল মেসিকে কোচিং করানো মার্তিনো ইন্টার মায়ামিতে মেসিকে নিয়ে ক্লাবটিকে এই মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সাপোর্টার্স শিল্ড (যা ইউরোপের লিগগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার সমতুল্য), তা-ও রেকর্ড পয়েন্ট নিয়ে। কিন্তু লিগ পর্যায়ের পর ‘প্লে-অফে’ প্রথম রাউন্ডেই হেরে যায় মায়ামি, এরপর হঠাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান মার্তিনো।

তা এরপর মেসির ক্লাবের কোচ কে হচ্ছেন, এ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে অনেক। প্রথমে শোনা যায়, বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ও গত মৌসুম শেষে বার্সেলোনার কোচের পদ ছেড়ে যাওয়া শাভি এর্নান্দেস হতে যাচ্ছেন মায়ামির কোচ।

তবে আর্জেন্টাইন সাংবাদিক চেসারে লুইস মের্লোর ‘এক্সক্লুসিভ’ জানাচ্ছে ভিন্ন খবর। শাভি নন, আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু হাভিয়ের মাচেরানো হতে যাচ্ছেন ইন্টার মায়ামির নতুন কোচ। বার্সেলোনাতেও মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মাচেরানো।

বর্তমানে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ মাচেরানো, সেখানে তাঁর চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তাঁর সঙ্গে ইন্টার মায়ামির সব আলোচনা শেষে সমঝোতাও হয়ে গেছে বলে জানিয়েছেন চেসারে লুইস মের্লো। মাচেরানো মায়ামিতে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। লুইস মের্লোর এই খবরকে সূত্র জানিয়ে ‘এক্স’-এ (সাবেক টুইটার) মাচেরানোর ইন্টার মায়ামির কোচ হতে যাওয়ার কথা জানিয়েছেন বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানোও।

মায়ামিকে এমনিতেই ‘মেসি ও তাঁর বন্ধুদের’ ক্লাব বলা হয়। লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতস, ইয়োর্দি আলবা…বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থরা এখন মায়ামিতে মেসির সঙ্গে খেলছেন। শাভি কোচ হতে যাচ্ছেন – এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই মেসি ও তাঁর বন্ধুদের ক্লাব পরিচয়টা সামনে এসে খোঁচানো হচ্ছিল ইন্টার মায়ামিকে। মাচেরানো কোচ হওয়াতেও খোঁচাখুঁচি চলমান থাকবে বলেই ধরে নেওয়া যায়।