১৮ লাখ টাকাতেই মেসির সাইকেল কিনতে পারবে ভক্তরা

ফুটবল থেকে লিওনেল মেসির আর কিছু পাওয়ার নেই। ক্লাব পর্যায়ে তো সম্ভাব্য সবকিছু ২০০৯ সালেই জিতেছিলেন। আর্জেন্টিনার হয়ে আক্ষেপ ঘুচিয়েছেন ২০২২ সালে। বহু বছর শিরোপাখরায় ভোগা আর্জেন্টিনা মাত্র তিন বছরে চারটি শিরোপা জিতেছে।

মেসি অবশ্য থামার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। ক্লাব ক্যারিয়ার হয়তো অনেক পিছিয়ে থাকা এমএলএস-এ কাটাচ্ছেন কিন্তু জাতীয় দলে এখনো প্রাণভোমরা তিনি। এবার অন্য খেলাতেও মন দিচ্ছেন মেসি। সাইক্লিংয়ে আনতে যাচ্ছেন নিজের ব্র্যান্ডের বাইক।

ফুটবলই ধ্যানজ্ঞান, তবে সাইক্লিংয়েরও ভক্ত মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও সাইক্লিংয়ের ভক্ত। তবে মেসি সেই পছন্দকে ব্যাবসায়িক রূপ দিচ্ছেন।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইনিওস গ্রুপের পরিচালক স্যার ডেভ ব্রেইলসফোর্ড একটি টিম স্কাই পিনারেয়ো দগমা এফএইট বাইক উপহার দিয়েছিলেন। সে সঙ্গে তাঁর নামের একটি জার্সিও উপহার পেয়েছিলেন মেসি।

সংবাদমাধ্যম রেলেভো বলছে, মেসি এখন নিজের ব্র্যান্ডের সাইকেল প্রক্রিয়া শুরু করেছেন। শোনা যাচ্ছে, এক বিশ্বমানের সাইক্লিস্টের সহযোগিতায় যে সাইকেলগুলো আনছেন সেগুলোর মূল্য ১০ হাজার ইউরো (১২ লাখ ৪৪ হাজার টাকা) থেকে ১৫ হাজার ইউরো (১৮ লাখ ৬৭ হাজার টাকা) পর্যন্ত হবে।