ম্যান ইউনাইটেড ৪: ০ এভারটন

তিন বছরে যা হয়নি, নেতৃত্বে বদল আসতেই তার দেখা মিলল  

স্কোরলাইনটা আরেকবার চোখ কচলে দেখে নিতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা – ম্যান ইউনাইটেড ৪: ০ এভারটন!

লিগের কোনো ম্যাচে চার গোল হলো এবং সেটা ম্যান ইউনাইটেড খায়নি, দিয়েছে! অবিশ্বাস্য লাগতেই পারে ইউনাইটেড ভক্তদের। গত তিন বছরে যে এমন কিছুর সঙ্গে তাঁদের পরিচয় হয়নি! আজ সেটা হলো কখন? নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ওল্ড ট্রাফোর্ডে লিগে ইউনাইটেডের প্রথম ম্যাচে। স্বপ্নের মতো শুরু তো একেই বলে!

গত মাসে দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচকে নিয়ে যে ইউরোপে হইচই কেন ছিল, ম্যান ইউনাইটেড ভক্তরা তাঁর নিয়োগে কেন নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন, সেটার ইঙ্গিত হয়ে থাকতে পারে এই ম্যাচ। ইপসউইচ টাউনের মাঠে তাঁর অভিষেক ম্যাচে আমোরিম দলকে ১-১ গোলে ড্র করতে দেখেছেন, এরপর ইউরোপা লিগে ওল্ড ট্রাফোর্ডেই বোদো/গ্লিমটের সঙ্গে জয়টা এসেছে ৩-২ গোলে। ঠিক মন ভরানো ছিল না সেটা। আমোরিম বুঝেছিলেন, এই দলকে নিয়ে অনেক কাজ করতে হবে।

আজ এভারটনের জালে চার গোল দিয়ে পাওয়া এক জয়েই সব সমাধান হয়ে যায়নি, তবে ক্লাবের ভক্তরা বুঝতে পারছেন, আমোরিমের অধীনে ইউনাইটেডকে নিয়ে স্বপ্নটাকে বাধাহীন রাখাই যায়। প্রিমিয়ার লিগে ইউনাইটেড এর আগে চার বা তার বেশি গোলের ব্যবধানে সর্বশেষ জিতেছে ২০২১ সালের আগস্টে, লিডস ইউনাইটেডের বিপক্ষে (৫-১)। সেই থেকে আজকের আগ পর্যন্ত মাঝের সময়টাতে লিগে ৮৮টি ম্যাচ খেলেছে ইউনাইটেড, আমোরিমকে নিয়ে এর মধ্যে অন্তর্বর্তীকালীন ও পাকাপাকি কোচ মিলিয়ে পাঁচজনকে ডাগআউটে দেখেছে।  

আজ গোলগুলো এসেছে কী দারুণ সমন্বয়ে! বিরতির আগে ইউনাইটেড পেল দুই গোল, বিরতির পরে দুটি। দুই অর্ধেই প্রথম গোলটি মার্কাশ রাশফোর্ডের, দ্বিতীয়টি ইউশুয়া ঝিরকেঝির। দুই অর্ধে আবার দুই জোড়া গোলে অ্যাসিস্ট দুই ভিন্ন খেলোয়াড়ের – প্রথমার্ধের গোল দুটি এসেছে ব্রুনো ফের্নান্দেসের পাসে, দ্বিতীয়ার্ধের দুটি আমাদ দিয়ালোর। আমোরিমের পছন্দের ৩-৪-২-১ ছকে মাঝমাঠের ডান পাশ ধরে তরুণ দিয়ালোর পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে, ইউনাইটেড হয়তো একজন তারকার উত্থানই দেখছে!

শুরু থেকেই আক্রমণাত্মক ইউনাইটেডের হয়ে আমাদ, মাইনু ও রাশফোর্ডের তিনটি শট ঠেকিয়েছেন এভারটন গোলকিপার। বিপরীতে এভারটনও অবশ্য দুটি সুযোগ তৈরি করেছিল। তবে ৩৪ মিনিটে ফের্নান্দেসের কর্নার থেকে রাশফোর্ডের ভলিতে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর থেকে একপাক্ষিক দাপটের শুরু।

৪১ মিনিটে আমাদ এভারটন রক্ষণে ব্রান্থওয়েইটের পা থেকে বল কেড়ে নিলেন, তাঁর পাস ধরে বক্সে ঢুকে ফের্নান্দেসের স্কয়ার পাস, তাতে পা লাগিয়ে গোল ঝিরকেঝির। বিরতির পর ইউনাইটেড আরও ধারাল, গোল পেয়ে গেল দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। ঝিরকেঝির দারুণ পাস ধরে আমাদ ডান প্রান্ত ধরে উঠে যান, তাঁর পাস ধরে বল জালে জড়িয়ে দেন রাশফোর্ড।

এরপর আবার আমাদের ঝলক! আবারও এভারটন রক্ষণে বল কেড়ে নিলেন তিনি, এবার টারকোউস্কির পা থেকে। বল কেড়ে নিয়ে দৌড়ে চলে যান বক্সের সামনে, শেষ মুহূর্তে পাস বাড়িয়ে দেন অন্য পাশে ফাঁকায় দৌড়ে উঠতে থাকা ঝিরকেঝির দিকে। সহজ ফিনিশে গোল তাঁর।

লিগে আমোরিম-যুগের প্রথম জয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে উঠে এসেছে ম্যান ইউনাইটেড, ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। একই সময়ে লিগের অন্য ম্যাচে দুর্দান্ত চেলসি ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে, তাতে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে (১৩ ম্যাচে ২৫ পয়েন্ট)। টটেনহ্যাম ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যামের সঙ্গে।

লিগ শীর্ষে থাকা লিভারপুল (১২ ম্যাচে ৩১ পয়েন্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় ঘরের মাঠে নামবে এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির (১২ ম্যাচে ২৩ পয়েন্ট) বিপক্ষে।