ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ড বাকি। এমন সময় গোলের সহজ সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অনেকটা ফাঁকা গোলপোস্ট পেয়েও বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করতে পারেননি হ্যারি ম্যাগুয়ার। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েন ম্যান ইউনাইটেডের অনেকে। ম্যাগুয়ারের এ মিসে প্রিমিয়ার লিগে গতকাল লিভারপুলের বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রুবেন আমোরিমে শিষ্যদের।
ইংল্যান্ডের উত্তরাঞ্চলে হওয়া ভারী তুষারপাতে গতকাল ম্যাচটি নিয়ে শঙ্কা ছিল। ম্যাচের পুরো সময় ধরেই বৃষ্টি ঝড়েছে অ্যানফিল্ডে। কনকনে ঠান্ডার মধ্যেও উত্তাপ ছড়ায় লিভারপুল-ইউনাইটেড ম্যাচ।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫২তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউনাইটেড। ৭ মিনিট পর কোদি খাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।
৭০ মিনিটে অলরেডরা এগিয়ে যায় মোহাম্মদ সালাহর গোলে। এর ১০ মিনিট পর আমাদ দিয়ালো স্কোরলাইন ২-২ করেন। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।
লিভারপুলের গোল দুটি হজম করার পেছনে অনেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে দায়ী করছেন। সমালোচকেরা বলছেন, জানুয়ারির দলবদলে ইংলিশ ডিফেন্ডারের ওপর রেয়াল মাদ্রিদের আগ্রহের কারণে ম্যাচে মনোযোগ দিতে পারছেন না আর্নল্ড। তবে সে সমালোচনা উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট।
লিগে এর আগে সর্বশেষ টানা তিন ম্যাচেই হেরেছ ম্যান ইউনাইটেড। এতে ১৯৭৯ সালের পর এই প্রথম টানা ৪ লিগ ম্যাচ হারের চোখরাঙানি দিচ্ছিল দলটিকে। তবে গতকাল সেটি এড়িয়ে আমোরিমের দল।
এ ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্টে ২০ ম্যাচ শেষে আমোরিমের দলের পয়েন্ট এখন ২৩। পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে আছে ইউনাইটেড। অন্যদিকে তালিকায় শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৭। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
গতকাল লিভারপুল যে দুটি গোল হজম করেছে, দুটি গোলই হয়েছে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের দিক দিয়ে। জানুয়ারির দলবদলে আর্নল্ডকে দলে ভেড়াতে চাচ্ছে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ। এমনকি আর্নল্ডের জন্য প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। অনেকে তাই গোল দুটির জন্য আর্নল্ডের মনোযোগের অভাবকে দায়ী করছেন।
সে সমালোচনা উড়িয়ে দিয়ে লিভারপুল কোচ আর্নে বলেছেন, ‘আমি এসব জিনিস বিশ্বাস করি না। আমার মনে হয়, ১০ জনের ৯ জনই বলবে, এটা (রেয়াল মাদ্রিদের প্রস্তাব) ওর ওপর প্রভাব ফেলেছে। কিন্তু আমি সেই বাকি থাকা একজন, যে এসব বিশ্বাস করে না।’
ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা যে সহজ ছিল না, এমনটা উল্লেখ করেছেন স্লট, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। অনেকটা নটিংহাম ফরেস্টের বিপক্ষে খেলা ম্যাচটির মতো ছিল। দুটি দলই নিজেদের অর্ধে বেশি খেলোয়াড় নিয়ে ডিফেন্ডিং স্টাইলে খেলতে পছন্দ করে। এ ধরনের ফুটবলের বিপক্ষে খেলা মোটেও সহজ নয়।’
অন্যদিকে শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত ম্যান ইউনাইটেড কোচ আমোরিম, ‘আমি আমার দলকে আরও ভালো খেলতে দেখতে চাই। তবে আজকের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওদের (শিষ্যদের) মানসিকতা। এটাই সবকিছুর মূলে। আমরা আজকে একটা ভিন্ন দল ছিলাম। সেটা সিস্টেমের কারণে কিংবা দক্ষত বা কৌশলগত কারণে নয়।’
আমোরিম যোগ করেন, ‘আমরা প্রতিদিন অনুশীলনে যেভাবে প্রস্তুতি নেই, সেভাবেই লড়েছি আমরা। কোথায় খেলা হচ্ছে, সেটা ব্যাপার নয়। আমাদের প্রতিদিন এভাবেই লড়তে হবে।’