সিটিতে ৯.৫ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন হলান্ড

২০২২ সালে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। ইংলিশ ক্লাবটিতে এসে এরপর নরওয়ের এই স্ট্রাইকার যা করলেন, তাতেই ছোট-বড় অনেক রেকর্ডের পাতায় নড়চড় হয়ে গেছে। ইংলিশ ক্লাবটির হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হলান্ড। ১০৫ ম্যাচ খেলেই সিটির হয়ে এই কীর্তিতে নিজের নাম লেখান।

এমন রেকর্ডের পর কোন ক্লাব তাঁর ‘সোনার ডিম পাড়া হাঁস’কে হাতছাড়া করতে চাইবে! ম্যানচেস্টার সিটিও চায়নি। আজ নরওয়ের এই স্ট্রাইকারের সঙ্গে আরও ৯.৫ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে সিটি। গত মৌসুমে চেলসির সঙ্গে কোল পালমারের ৯ বছরের চুক্তিকে ছাপিয়ে প্রিমিয়ার লিগে ইতিহাসে সবচেয়ে বড় দৈর্ঘ্যের চুক্তি এখন এটিই।

হলান্ডের সঙ্গে সিটির এর আগের চুক্তিটি ছিল ২০২৭ সাল পর্যন্ত, সেই চুক্তিতে হলান্ড চাইলে ক্লাব ছেড়ে যাওয়ার কিছু রাস্তাও খোলা রাখার শর্ত ছিল। ম্যান সিটিতে তিনি যোগ দেওয়ার পর থেকেই তো গুঞ্জন ছিল, ৭ কোটি ৫০ লাখ ইউরোর বাইআউট ক্লজ আছে তাঁর চুক্তিতে। রেয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাব আগ্রহী হলে সে ক্ষেত্রে আলাদা শর্তের গুঞ্জনও সব সময়ই বাতাসে ভেসেছে।

কিন্তু নতুন চুক্তিতে দলবদলের সাধারণ নিয়মে সিটি ও আগ্রহী কোনো ক্লাবের মধ্যে ‘ট্রান্সফার ফি’-র বাইরে হলান্ডের সিটি ছেড়ে যাওয়ার কোনো রাস্তা আর খোলা রাখা হয়নি বলেই জানিয়েছেন বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর বিশ্বস্ত সাংবাদিক ডেভিড অর্নস্টাইন। দলবদলের খবরের ক্ষেত্রে আরেক বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিসিও রোমানো অবশ্য জানাচ্ছেন, ২০২৯ সাল পর্যন্ত একটা বাইআউট ক্লজ রাখা হয়েছে, তবে সেই অঙ্কটা অনেক বড়।

নতুন চুক্তিতে হলান্ডের বেতন-বোনাস কেমন হবে সেটা নিয়েও নির্ভরযোগ্য কোনো প্রতিবেদনে সেভাবে কোনো অঙ্কের উল্লেখ করা হয়নি। তবে অর্নস্টাইন লিখেছেন, চুক্তিতে ক্রীড়াবিশ্বেরই সবচেয়ে বড় অঙ্কের চুক্তিগুলোর একটি হতে যাচ্ছে। 

চুক্তির পুরো সময়ে ক্লাব না ছাড়লে ক্যারিয়ারের পুরোটাই বলতে গেলে ম্যানচেস্টার সিটিতে কাটানো হয়ে যাবে হলান্ডের। সিটির জার্সিতে এরই মধ্যে সব টুর্নামেন্ট মিলিয়ে ১১১ গোল করে ফেলা হলান্ডের বয়স চুক্তি শেষ হতে হতে হয়ে যাবে ৩৪। নতুন চুক্তি সম্পন্ন করার পর হলান্ড তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘আমি আমার নতুন চুক্তি সম্পন্ন করতে পেরে অনেক খুশি এবং আমি এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় থাকতে চাই।’

কোচ পেপ গার্দিওলাসহ সতীর্থদের ধন্যবাদ জানিয়ে হলান্ড বলেন, ‘আমি পেপ (গার্দিওলা), তাঁর কোচিং স্টাফ, আমার সতীর্থসহ ক্লাবের সবাইকে ধন্যবাদ দিতে চাই। ওরা গেল কয়েক বছরে আমাকে অনেক সহায়তা করেছে।‘          

হলান্ডের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ম্যানচেস্টার সিটি ফুটবলের পরিচালক জিকি বেগিরিস্টেইন বলেছেন, ‘এখানে ওর সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি ওর মতো খেলোয়াডের প্রতি আমাদের অঙ্গীকার এবং ক্লাবের প্রতি ওর ভালোবাসারই নিদর্শন।’

কোচ পেপ গার্দিওলা মাস দুয়েক আগে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি। এরপর হলান্ডের সঙ্গে এমন দীর্ঘমেয়াদি চুক্তি ইঙ্গিত দেয়, হলান্ডকে ঘিরেই আগামীর সিটির পরিকল্পনা বুনছে ক্লাবটি।

সিটি হলান্ডের সঙ্গে লম্বা সময়ের চুক্তি এমন সময় করল যখন তাঁদের সময়টা প্রিমিয়ার লিগে একেবারেই ভালো যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে। এদিকে শীর্ষে থাকা লিভারপুল সিটি থেকে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে।

হলান্ডের সঙ্গে চুক্তি নবায়ন তো হলো, দ্য অ্যাথলেটিকে অর্নস্টাইন লিখেছেন, এর পাশাপাশি ফরাসি ক্লাব লাঁসের সেন্টারব্যাক আবদুকোদির খুসানভ, পালমেইরাসের সেন্টারব্যাক ভিতো রাইস আর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় স্ট্রাইকার ওমার মারমুশকে দলে টানার কাজে অনেকটা এগিয়ে গেছে সিটি।