হারের পর হার ম্যান ইউনাইটেডের, গোলের পর গোল পালিয়ে বাঁচা আন্তোনির

এই স্ক্রিপ্ট বহুবার দেখা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভালো করছেন, কিন্তু ক্লাব ছেড়ে বেড়িয়ে পড়ার পরই ফর্মে ফিরেছেন সেই খেলোয়াড়। স্যার অ্যালেক্স ফার্গুসনের যুগের পর থেকেই ফরোয়ার্ডদের ক্ষেত্রে এমনটা দেখা গেছে। 

আনহেল দি মারিয়া দেখিয়েছেন, কদিন আগেই বেরিয়ে যাওয়া জাডোন সাঞ্চোও নিজেকে খুঁজে পেয়েছেন কিছুটা। তবে আন্তোনি যা করছেন, সেটা একটু অপ্রত্যাশিতই। গতকাল আবার রেয়াল বেতিসের জার্সিতে গোল পেয়েছেন আন্তোনি, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। একদিকে আন্তোনি বেতিসকে জয় এনে দিচ্ছেন আন্তোনি, অন্যদিকে গতকাল আবার হেরেছে ইউনাইটেড।

আন্তোনি এই জানুয়ারিতে ধারে গিয়েছেন বেতিসে। প্রথম ম্যাচেই তাঁর নেওয়া শটের কারণে গোল পেয়েছিল বেতিস। পরের তিন ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট। গত দেড় মৌসুমে লিগে ইউনাইটেডের জার্সিতে মাত্র ১ গোল করা এরই মধ্যে লা লিগায় দুই গোল করে ফেলেছেন। ওদিকে গতকাল টটেনহামের বিপক্ষে হারটি এই মৌসুমে ১২তম। মাত্র ২৫ ম্যাচেই এত হার রেড ডেভিলদের।

গোল পেয়েছেন আন্তোনিও। ছবি: টুইটার

শুধু নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে পরিসংখ্যান আরও খারাপ দেখায়। লিগে তাঁর অধীনে ১৪ ম্যাচ খেলেছে ইউনাইটেড, এই ১৪ ম্যাচে ইউনাইটেড হেরেছে ৮ ম্যাচে, পেয়েছে মাত্র ১৪ পয়েন্ট। লিগে এই সময়ে ইউনাইটেডের চেয়ে খারাপ খেলেছে মাত্র ৪ দল। অথচ ৯ ম্যাচ শেষে ছাঁটাই হওয়ার সময় টেন হেগ লিগে ইউনাইটেডকে নিয়ে ১৪তম অবস্থানে ছিলেন। 
গতকালের হারে লিগে ১৫-তে নেমে গেছে। ১৯৭৩-৭৪ মৌসুমের পর এবারের আগ পর্যন্ত লিগে প্রথম ২৫ ম্যাচে ১২টিতে হারেনি ইউনাইটেড। 

অবনমন অঞ্চল থেকে ১২ পয়েন্ট দূরে আছে ডেভিলরা। কিন্তু যে ফর্ম চলছে তাতে আমোরিম স্বীকার করে নিয়েছেন, এখন আর কোনো দূরত্বই নিরাপদ না, ‘আপনারা যা দেখছেন, এবং প্রতি সপ্তাহে যে আলোচনা করেন, সেগুলো আমিও দেখি। আমার অনেক সমস্যা আছে, আমার কাজ এখানে এত কঠিন। কিন্তু আমি আমার নীতিতে স্থির আছি।’

আমোরিমের অধীনে ইউনাইটেডের একমাত্র ভালো দিক আমাদ দিয়ালোর পারফরম্যান্স। আইভরিয়ান উইঙ্গার টটেনহাম ম্যাচের আগে যে চোটে পড়েছেন, সেটা দীর্ঘস্থায়ী হবে বলে খবর এসেছে। চোটের কারণে কোবি মাইনু ও মানুয়েল উগার্তেও চোটে পড়েছেন।