একুশে পদক হাতে পাওয়ার দিনেই দল থেকে বাদ পড়লেন ১৮ ‘বিদ্রোহী’

আজ টানা দ্বিতীয় সাফ জয়ী নারী ফুটবল দলকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মর্যাদার এই পদক প্রাপ্তির দিনটা অবশ্য বিকেল হতেই খানিকটা মলিন হয়ে গেছে সাবিনা খাতুনদের জন্য। আজ আসন্ন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে জায়গা হয়নি বিদ্রোহ করা ১৮ ফুটবলারের। 

আমিরাতের বিপক্ষে ম্যাচে যে ১৮ বিদ্রোহী ফুটবলারের বাদ পড়তে যাচ্ছেন, সেটা আগেই জানা ছিল। অবশেষে আজ তা-ই হল। আজ এক ভিডিও বার্তায় ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইংলিশ কোচ বাটলার। সেখানে নেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা। 

একুশে পদক নিচ্ছেন নারী ফুটবলাররা।

একঝাঁক নতুন মুখদের নিয়ে সাজানো দলের নেতৃত্বে আফঈদা খন্দকার থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 

বাফুফের দেয়া ভিডিও বার্তায় বাটলার বলেন, ‘এটি একটি তরুণ দল। আমি তাদেরকে সময় দিতে চাই। তাদেরকে ধৈর্য ধরতে হবে। তারা ভুল করতে পারে। তবে তারা শিখবে।‘

আরব আমিরাতে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড:


গোলরক্ষক: ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়


ডিফেন্ডার: কোহাতি কিস্কু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মৎ সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না ও অর্পিতা বিশ্বাস


মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন


ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সৌরভি আক্তার প্রীতি ও নবিরন খাতুন।