রেয়াল বেতিসের ঘরের মাঠ স্তাদিও বেনিতো ভিয়ামারিনে শুরুটা ভালোই হয়েছিল রেয়াল মাদ্রিদের। ম্যাচের ১০ম মিনিটে ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। তবে শুরুর এ ছন্দ ধরে রাখতে পারেনি মাদ্রিদ। ম্যাচের ৩৪ আর ৫৪ মিনিটে দুটি গোল হজম করে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস।
রেয়াল মাদ্রিদের হারের দিন জয় পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেসের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। রেয়াল মাদ্রিদের হার আর আতলেতিকো মাদ্রিদের জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রদবদল হয়েছে।
গতকালের হারে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে আনচেলত্তির দল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আতলেতিকো। মাদ্রিদের হারে গতকাল সবচেয়ে বেশি লাভটা হয়েছে বার্সেলোনার।
গতকালের ম্যাচের আগে বার্সার সমান পয়েন্ট ছিল মাদ্রিদের। গতকাল আনচেলত্তির দল হেরে যাওয়ায়, বার্সার সামনে সুযোগ এসেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে যাওয়ার। বর্তমানে মাদ্রিদ আর আতলেতিকোর চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে হানসি ফ্লিকের দল। হাতে থাকা ম্যাচে আজ রেয়াল সোসিয়েদাদকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে কাতালান ক্লাবটি।
অথচ গতকাল রেয়াল মাদ্রিদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ১০ম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় বেতিসের চার ডিফেন্ডারের মাঝে থেকে থ্রু বাড়ান কিলিয়ান এমবাপ্পে। সেটি ধরতে গোলপোস্ট থেকে বেরিয়ে আসেন বেতিস গোলকিপার আদ্রিয়ান। তবে স্প্যানিশ গোলকিপার বলের কাছে পৌঁছানোর আগেই ছুটে দিয়ে ডান দিকে অনেকটা অরক্ষিত ব্রাহিম দিয়াদের দিকে বল বাড়ান ফেরলঁদ মঁদি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মরোক্কান মিডফিল্ডার। দারুণ শটে মাদ্রিদকে এগিয়ে (১-০) দেন দিয়াস।
গোল হজম করেই যেন জেগে ওঠে বেতিস। আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৪ মিনিটে ইসকোর কর্নারে জনি কার্দোসোর হেডে সমতায় (১-১) ফেরে বেতিস।
ম্যাচের যোগ করা সময়ে আবারও গোলের খুব কাছে গিয়েছিল পেলেগ্রিনির দল। এ যাত্রায় কার্দোসোর হেড কোনোমতে ঠেকান থিবো কোর্তোয়া। তবে দ্বিতীয়ার্ধে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেতিসকে। ম্যাচের ৫৩ মিনিটে বিপজ্জনকভাবে রেয়াল মাদ্রিদের বক্সে ঢুকে পড়া স্প্যানিশ লেফট উইঙ্গার হেসুস রদ্রিগেসকে ফাউল করেন অ্যান্টনি রুডিগার। পেনাল্টি পায় বেতিস। স্পটকিক থেকে গোল করে বেতিসকে এগিয়ে দেন সাবেক রেয়াল তারকা ইসকো। শেষ পর্যন্ত ইসকোর গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচটা ভালো ছিল না। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু আমরা ছন্দ ধরে রাখতে পারিনি। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আর জয়টাও ওদেরই প্রাপ্য।’
মৌসুমের এ পর্যায়ে এসে এমন হার মানতে পারছেন না আনচেলত্তি। মাদ্রিদ কোচ জানিয়েছেন, এটার মূল্য দিতে হবে। আনচেলত্তির ভাষায়, ‘একটা সত্যিই একটা বড় ধাক্কা। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মৌসুমের এ পর্যায়ে (পয়েন্ট) হারানোর মূল্য দিতে হবে। আমরা ভালো করিনি। প্রথমার্ধেই ২৭ বার বল হারিয়েছি। এটা অনেক বেশি।’
আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। ওই ম্যাচ সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘এটা পরিষ্কার যে, মঙ্গলবার আমরা যদি এভাবে খেলি, আমরা জিততে পারব না। আমি আশা করছি, এটা (বেতিসের বিপক্ষে হার) আমাদের ঘুম ভাঙাবে। গত কয়েকদিনের পারফরম্যান্সে মনে হয়েছিল,আমরা গুছিয়ে উঠেছি। কিন্তু আজ (গতকাল) সেটা করতে পারলাম না।’