‘হিউস্টন, উই হ্যাভ আ প্রবলেম!’
বাক্যটা বাস্তব ঘটনার সময়ের বাক্যের কিছুটা সংক্ষেপিত রূপ বটে, তবে স্পেসক্রাফট অ্যাপোলো ১৩-কে নিয়ে বানানো একই নামের চলচ্চিত্রের জনপ্রিয় বাক্য এটি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের আগে মায়ামির স্কোয়াড দেখে এখন এই বাক্যটিই মনে পড়ার কথা হিউস্টন ডায়নামোর।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এমএলএসে হিউস্টন ডায়নামোর মাঠে নামছে ইন্টার মায়ামি। তবে ম্যাচটা ঘিরে আকর্ষণ সম্ভবত ম্যাচের একদিন আগেই বলতে গেলে শেষ। ম্যাচে যে খেলছেন না লিওনেল মেসি! স্কোয়াডেই নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সর্বশেষ দশ দিনে ৩ ম্যাচ – এর মধ্যে একটি হিমাঙ্কের নিচে ১৭ ডিগ্রির বরফঠাণ্ডায় - খেলে ফেলা ৩৭ বছর বয়সী মেসিকে বিশ্রাম দিয়েছে মায়ামি।
তা আর্জেন্টাইন মহাতারকা না খেলায় যেখানে ইন্টার মায়ামিকে অস্বস্তিতে থাকতে হওয়ার কথা, সেখানে হিউস্টনের ‘প্রবলেম’-এর কথা কেন আসছে! তাদের জন্য তো মায়ামির বিপক্ষে ম্যাচটা তুলনামূলকভাবে আরও সহজ হলো!
কিন্তু হিউস্টনের সমস্যাটা অন্য জায়গায়। মেসি না খেলায় যে হিউস্টন ডায়নামোকে গচ্চা দিতে হচ্ছে! এ ম্যাচের টিকিট তো বলতে গেলে বিক্রি হয়েই গেছে, হিউস্টন ডায়নামো তাই তাদের সমর্থকদের জন্য ঘোষণা দিয়েছে, যাঁরা এই ম্যাচের টিকিট কেটেছেন, তাঁদের মৌসুমে হিউস্টনের অন্য কোনো একটা ম্যাচের টিকিট ফ্রি-তে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।
কারণটা বুঝতে অবশ্য খুব বেশি ভাবতে হয় না। হিউস্টন ডায়নামোতে যাঁরা খেলেন, তাঁদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম বলতে উরুগুয়ে জাতীয় দলে এক সময়ে নিয়মিত খেলা মিডফিল্ডার নিকোলাস লোদেইরোই আছেন, এর বাইরে আর্জেন্টিনার অতি-উৎসাহী সমর্থকেরা এক সময়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলা ফরোয়ার্ড এসেকিয়েল পন্সকে চিনে থাকতে পারেন। এই ক্লাবের ম্যাচ দেখতে তো আর ক্লাবটার পাঁড় সমর্থক ছাড়া খুব বেশি মানুষ টিকিট কাটার কথা নয়!
সেই হিউস্টনই এই ম্যাচের জন্য তাদের প্রায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট অনেক আগে বিক্রি করে ফেলেছে বলে জানিয়েছে হিউস্টন ক্রনিকল! শুধু তা-ই নয়, টকস্পোর্ট জানাচ্ছে, মেসি খেলতে না পারার খবর আসার আগে টিকিট পুনঃবিক্রির কেন্দ্রগুলোতেও একেকটি আসনের টিকিটের জন্য সর্বনিম্ন ২০০ ডলার দাম হাঁকানো হচ্ছিল।
এমন পরিস্থিতিতে মেসির খেলতে না পারা হিউস্টনের জন্য তো বড় মাথাব্যথাই! সে কারণে ইন্টার মায়ামি স্কোয়াড ঘোষণার পরই হিউস্টন ডায়নামো বিবৃতি দিয়ে জানিয়েছে, মেসির খেলতে না পারার গচ্চা হিসেবে তারা টিকিট কেটে ফেলা দর্শককে হিউস্টনের পরের কোনো ম্যাচ ফ্রি-তে দেখার প্রস্তাব দেবে।
‘ম্যাচটার জন্য সম্প্রতি খেলোয়াড়দের যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেটিতে ফরোয়ার্ড লিওনেল মেসির নাম নেই। জানানো হয়েছে, তিনি হিউস্টন সফরে আসছেন না। দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলে কে খেলবেন সেটি নির্ধারণে আমাদের হাত নেই’ – বিবৃতিতে লিখেছে হিউস্টন ডায়নামো। এর পরই আগামীকাল ম্যাচে যাওয়া সবাইকে আগাম অভিবাদনের কথা জানিয়ে লিখেছে, ‘…আমাদের কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য, আগামীকাল রাতের ম্যাচটিতে যে সমর্থকেরা স্টেডিয়ামে যোগ দেবেন, তাঁরা চাইলে এই মৌসুমে ডায়নামোর পরের কোনো ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিতে পারবেন।’