উরুগুয়ে ডি বক্সের বাইরের দিকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে থিয়াগো আলমাদার দিকে বলটা বাড়িয়েছিলেন হুলিয়ান আলভারেস। বল পেয়ে প্রথম স্পর্শে পজিশন তৈরি করে আচমকা ডান পায়ের শট নেন ২৩ বছর বয়সী তরুণ। ডি বক্সের ভেতর থাকা ৬ উরুগুয়ে ফুটবলার তখন চেয়ে চেয়ে দেখছেন। গোলকিপার সের্হিও রচেত অবশ্য ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।
আলমাদার দৃষ্টিনন্দন গোলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এ গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। স্বস্তির এ জয়ে পরের বিশ্বকাপের টিকিটের খুব কাছে চলে এসেছে লিওনেল স্কালোনির দল।
বর্তমানে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে মোটে আর ১ পয়েন্ট দরকার স্কালোনির দলের। কিংবা বলিভিয়া নিজেদের পরের ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেলে এখনই পরের বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের।
চোটের কারণে আর্জেন্টিনা দলে ছিলেন না লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেস, আলেহান্দ্রো গার্নাচোরা। দলে থাকলেও আজ মাঠে নামেননি রদ্রিগো দে পলের মতো অভিজ্ঞ মিডফিল্ডার। তবে আর্জেন্টিনাকে পথ হারাতে দেননি আলমাদা। ২৩ বছরের এ তরুণের চোখ জুড়ানো গোলে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড় আর্জেন্টিনা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলামাদা জানিয়েছেন, কেন দলে জায়গা পেয়েছেন, সেটা প্রমাণ করতে চেয়েছিলেন তিনি!
আলমাদার ভাষায়, ‘(দলে ডাক পাওয়ার পর) কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তবে (জাতীয় দলের জার্সিতে) মাঠে নামতে মুখিয়ে ছিলাম এবং এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, কেন আমি স্কোয়াডে।’
নিজের গোল প্রসঙ্গে আলমাদা বলেছেন, ‘আমি সুযোগটা নিয়েছিলাম। বল পেয়ে শট নিলাম। ভাগ্যক্রমে সেটা জালে আশ্রয় নিয়েছে।’
আর্জেন্টিনা পরের ম্যাচটা খেলবে ব্রাজিলের বিপক্ষে। এখন আলবিসেলেস্তের সমস্ত আগ্রহ ওই ম্যাচ ঘিরে। আলমাদার কথাতেও উঠে আসে সেটাই, ‘এখন আমাদের বিশ্রাম নেওয়ার পালা। এরপর ব্রাজিল ম্যাচের অপেক্ষা। তারা অবশ্য আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পাচ্ছে।’
এদিকে বেশ কয়েকজন মূল খেলোয়াড় না থাকার পরও জয় প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, ‘আমরা চাপটা সামলে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের যেহেতু খেলতেই হয়েছে, আমরা ভালোভাবেই খেলেছি। আমাদের রক্ষণ সামলাতে হয়েছিল, সেটাও করেছি। দল জিতেছে বলেই যে আমি খুশি, এমনটা নয়। ওরা যেভাবে খেলেছে, তা আমাকে সন্তুষ্ট করেছে।’
পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার। তবে আপাতত সে ভাবনা নেই স্কালোনির। এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচের ভাষ্য, ‘যখন এ ধরনের ম্যাচ খেলি, বিশ্বকাপের কথা ভাবনাতেও আসে না। ম্যাচের বাইরে অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকে না। আমরা ওটা নিয়ে একদমই ভাবছি না। যদি মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ব্রাজিল ম্যাচে) সেটা নিশ্চিত হয়, আমরা খুশি হব। কিন্তু ওটা অন্য সব ম্যাচের মতোই একটা ম্যাচ।’