হারের পর উরুগুয়ে কোচ

আর্জেন্টিনার শুরুর একাদশ আর বেঞ্চের ফুটবলারদের পার্থক্য নেই

ঘরের মাঠে ম্যাচ, তার ওপর আর্জেন্টিনা দলে ছিলেন না লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেসরা। কিন্তু সুবিধাটা কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। থিয়াগো আলমাদার দর্শনীয় এক গোলে ১-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।

অথচ ঘরের মাঠ স্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের প্রথম ১৫ মিনিট দাপট দেখিয়েছিল উরুগুয়ে। এরপরই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। আর দ্বিতীয়ার্ধে তো উরুগুয়েকে খুব বেশি সুযোগই দেয়নি আলবিসেলেস্তেরা।

মূল দলের বেশ কয়েকজনকে ছাড়া খেলা আর্জেন্টিনার বিপক্ষে কেন সুবিধা করতে পারেনি উরুগুয়ে, ম্যাচ শেষে এমন প্রশ্ন যায় উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার দিকে। জবাবে বিয়েলসা জানিয়েছেন, আর্জেন্টিনার শুরুর একাদশ আর বেঞ্চে থাকা খেলোয়াড়দের মধ্যে পার্থক্য নেই। হারের জন্য নিজেদের বাজে পারফরম্যান্সকেই দায়ী করেছেন তিনি।

বিয়েলসার ভাষায়, ‘যখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আক্রমণাত্মক খেলতে পারিনি, গোলের ভালো সুযোগ তৈরি করতে পারিনি। এটা মোটেও ভালো দিক নয়। প্রথমার্ধের শুরুতে আমরা ভালো খেলছিলাম। কিন্তু সময় যত গড়িয়েছে, আমরা সেই ছন্দ ধরে রাখতে পারিনি।’

মেসি-লাওতারো মার্তিনেস-দে পলদের অনুপস্থিতিতে আজ আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন হুলিয়ান আলভারেস-থিয়াগো আলমাদা-সিমিওনের মতো তরুণরা। এমন ‘দ্বিতীয় সারির’ খেলোয়াড়দের বিপক্ষে জয় না পাওয়া উরুগুয়ের জন্য খারাপ লক্ষণ কি না, এমন প্রশ্নের জবাবে বিয়েলসা বলেন, ‘আপনাদের বুঝতে হবে, এটা আর্জেন্টিনার দ্বিতীয় সারির দল নয়। যদি মনে করেন, ওদের শুরুর একাদশ আর বেঞ্চের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক পার্থক্য আছে, তবে আপনার বিশ্লেষণ পুরোপুরি ভুল। শুধু মেসির হিসাব আলাদা, বাকি সবাই একই মানের।’

বিয়েলসা যোগ করেন, ‘আর (উরুগুয়ের) বাজে পারফরম্যান্সের যে অভিযোগ উঠেছে, আমি ইতোমধ্যে এ বিষয়ে কথা বলেছি।’