প্রিমিয়ার লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে ছুটছিল দুর্দান্ত গতিতে। মিকেল আর্তেতার দল সেমিফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে দুই লেগেই বিধ্বস্ত করে।
শেষ চারে আর্সেনালের প্রতিপক্ষ পারি সাঁ জার্মেই (পিএসজি) ছিল কিছুটা উল্টো পরিস্থিতিতে। ঘরোয়া লিগ ফ্রেঞ্চ লিগ আঁ শিরোপা আগেই নিশ্চিত করা পিএসজি মৌসুমজুড়ে অপরাজিত থাকার পর সর্বশেষ ম্যাচে হেরে গেছে নিসের কাছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সেটাকে বড় ধাক্কা বলেই মনে হচ্ছিল।
তার ওপর চলতি মৌসুমে ইংলিশ ক্লাবটির বিপক্ষে আগের বারের দেখার অভিজ্ঞতা সুখকর ছিল না পিএসজির। গ্রুপপর্বে লন্ডনে গিয়ে ২-০ গোলে হেরে এসেছিল প্যারিসের ক্লাবটি। শেষ চারের প্রথম লেগের ম্যাচটা এমিরেটসে হওয়ায় ফেবারিট মানা হচ্ছিল আর্সেনালকেই। কিন্তু ফেবারিটের তকমাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের দল।
ম্যাচের একমাত্র গোলটা করেছেন উসমান দেম্বেলে। সেটাও ম্যাচের শুরুতেই। ম্যাচের চতুর্থ মিনিটে খাভিচা কাভারসখেলিয়াকে পাস দিয়ে এগোতে থাকেন দেম্বেলে। আর্সেনালের দুই ডিফেন্ডারের ফাঁক গলে কাভারাসখেলিয়া আবার কাটব্যাক করেন ফরাসি উইঙ্গারকে। সে বল পেয়ে বক্সের ঠিক ভেতর থেকে বাঁ পায়ে শট নেন দেম্বেলে। ফরাসি তারকার কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায়।
শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। ধাক্কা সামলে উঠতে উঠতেই কেটে যায় প্রায় ৩০ মিনিট। এ সময়টা পিএসজির আক্রমণ ঠেকানো ছাড়া তেমন কিছুই করতে পারেনি আর্তেতার শিষ্যরা। এরপর যেন ঘুম ভাঙে আর্সেনালের। তবে পিএসজির গোলপোস্টের নিচে দোন্নারুম্মার বীরত্বে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য একবার বল জালে জড়িয়েছিল ইংলিশরা। ডেকলান রাইসের ফ্রি কিকে হেড করে পিএসজির জালে বল জড়ান মিকেল মেরিনো। কিন্তু ভিএআর যাচাইয়ে বাতিল হয়ে যায় মেরিনোর গোল।
সমতায় ফিরতে মরিয়া আর্সেনাল একের পর এক আক্রমণ চালিয়েছে। কিন্তু ত্রসা-সাকা-মার্তিনেল্লিদের আক্রমণ কখনো থমকে গেছে পিএসজি রক্ষণে, আবার রক্ষণ অতিক্রম করতে পারলে সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন দোন্নারুম্মা। শত চেষ্টাতেও দোন্নারুম্মা বাঁধা ভাঙতে পারেনি আর্সেনাল। তাতে ঘরের মাঠে পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় আর্তেতার দলকে।
আর্সেনালের সুযোগ একবারে শেষ হয়ে যায়নি। আগামী বুধবার ফিরতি লেগে পিএসজির মাঠে মুখোমুখি হবে দুদল। আপাতত সেদিকেই তাকিয়ে আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেছেন, ‘আমাদের ফাইনালে ওঠার এখনো অনেক সম্ভাবনা আছে। আমি আবারও বলছি, ফাইনালের টিকিট পেতে হলে এ প্রতিযোগিতায় বিশেষ কিছু করতে হয়। আর সেটা করার মঞ্চ হতে যাচ্ছে প্যারিস।’
কাজটা যে সহজ হবে না, সেটা বুঝতে তো আইনস্টাইন হতে হয় না! রেকর্ড বলছে, সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে হারের পরও ফাইনালে উঠেছে, এমন কীর্তি চ্যাম্পিয়নস লিগে শুধু দুটি দলের আছে - একটি আয়াক্সের (১৯৯৫-৯৬), আর সর্বশেষ কীর্তিটি আর্সেনালেরই 'শত্রু' ও প্রতিবেশি টটেনহ্যামের, ২০১৮-১৯ মৌসুমে।