আজকের আগে সর্বশেষ ৭ ম্যাচের ৬টাতেই জয়হীন (৫ হার, ১ ড্র) ইন্টার মায়ামি। গত সপ্তাহে শেষ ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, ‘কঠিন সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে মায়ামি। আর এ দুঃসময় দল হিসেবে কাটানোর ঘোষণা দিয়েছিলেন ৩৭ বছর বয়সী মেসি।
সে ঘোষণার পর আজ রোববার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামে মায়ামি। মেসিও দৃষ্টিনন্দন এক ফ্রি-কিকে গোল করেছেন। কিন্তু তাতে কঠিন সময় শেষ হয়নি মায়ামির। সুবারু পার্কে প্রায় হারতে বসা ম্যাচে কোনো রকমে ৩-৩ গোলে ড্র করেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।
এ ড্র তে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে মায়ামি। আর এক ম্যাচ বেশি খেলা ফিলাডেলফিয়া ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।
পয়েন্ট টেবিলের দাপটের মতো ম্যাচের শুরুতেও দাপট দেখিয়েছে ফিলাডেলফিয়া। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্র্যাডলি কার্নেলের দল। কর্নার থেকে বক্সে বল ফেরার পরিবর্তে আলতো করে কুইন সুলিভানের দিকে বল বাড়ান কাই ওয়াগনার। বক্সের বাঁপ্রান্তের কোনা থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু জায়গা করে কোনাকুনি শটে মায়ামির জালে বল জড়ান বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান।
বিরতির ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় ফিলাডেলফিয়া। এবার বক্সের ভেতর বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন তাই বারিবো।
ঘুরে দাঁড়াতে মরিয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৬০ মিনিটে গোলের দেখাও পায় ফ্লোরিডার ক্লাবটি। নোয়াহ অ্যালেনের ক্রসে হেড করে ব্যবধান কমান (২-১) তাদেও অ্যালেনদে। ৭০ মিনিটে আবারও গোলের দেখা পায় মায়ামি। তবে গোলের আগে সেগোভিয়া অফসাইড পজিশনে থাকায় গোলটি বাতিল হয়।
এর ৩ মিনিট পর অনেকটা অপ্রত্যাশিতভাবেই ব্যবধান বাড়িয়ে ফেলে ফিলাডেলফিয়া। বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন সের্হিও বুসকেতস। অপ্রত্যাশিত বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো বারিবোর উদ্দেশ্যে বল পাঠান ডিন জ্যাকস। আর সেখান থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করেন ইসরায়েল স্ট্রাইকার।
৮৬ মিনিট পর্যন্ত এ ব্যবধানেই এগিয়ে ছিল ফিলাডেলফিয়া। মায়ামির আরেকটি হার ভবিতব্যই মনে হয়েছিল তখন। তবে হিসেব পাল্টে দেয় পরের মিনিটে মেসির গোল। বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি। আর যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান তেলাস্কো সেগোভিয়া (৩-৩)।
এ নিয়ে ক্যারিয়ারে ৬৭ বার ফ্রি-কিকে গোল করলেন মেসি। ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিওকে ও স্বদেশী ভিক্তর লেগ্রোতালিকে (৬৬ ফ্রি-কিক গোল) । ফ্রি-কিকে গোল করার রেকর্ডে মেসি এখন এককভাবে তৃতীয়। আর্জেন্টাইন মহাতারকার সামনে শুধু দুই ব্রাজিলিয়ান- পেলে (৭০) ও জুনিনিও (৭৭)।