নকআউটের টিকিট পেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুধু ড্র করলেই চলত ইন্টার মায়ামির। আর জিতলে তো কথাই নেই। তবে মায়ামি দ্বিতীয় পথটা বেছে নিতে পারেনি। ঘরের মাঠ হার্ডরক স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে মায়ামি।
এতে নকআউটের টিকিট পেলেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। পালমেইরাসের বিপক্ষে ড্র-তে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে মায়ামি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েছে পালমেইরাস।
এতে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে গ্রুপ ‘বি’য়ের রানার্সআপ বোতাফোগোকে পেয়েছে পালমেইরাস। আর মেসিদের সামনে পড়েছে পিএসজি।
আজ সকালে শুরু হওয়া ম্যাচে তাদেও অ্যালেনদে ও লুইস সুয়ারেসের দুই অর্ধের দুই গোলে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত মায়ামি ২-০ গোলে এগিয়ে থাকলেও ম্যাচ জুড়েই আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে পালমেইরাস। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পাওলিনিও একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচের উত্তেজনার পারদ আরও আকাশে তোলেন। আর ৮৮ মিনিটে স্কোরলাইন ২-২ করেন মাউরিসিও।
ম্যাচে পালমেইরাস কতটা দাপট দেখিয়েছে, সেটার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। মায়ামির ৮ শটের বিপরীতে পালমেইরাস শট নিয়েছিল ২২টি। যার ৭টিই ছিল গোলমুখে।
ব্রাজিলিয়ান ক্লাবটির টানা আক্রমণের মাঝেই প্রতি-আক্রমণে গোল পেয়েছে মায়ামি। তেমনই এক কাউন্টার অ্যাটাকে ম্যাচের ১৬ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন অ্যালেনদে। ৩১ মিনিটে ম্যাচে ফেরার কাছাকাছি গিয়েছিল পালমেইরাস। ডান উইং দিয়ে ঢুকে শট নিয়েছিলেন এস্তেভাও। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ উইংগারের শট পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ফাকুন্দো তোসের শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৪০ মিনিটে এস্তেভাওয়ের কর্নারে হেড করেছিলেন হোসে লোপেস। কিন্তু পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকারের শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পালমেইরাস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে ব্রাজিলের ক্লাবটি। তবে কাজের কাজ গোলটা পেয়ে যায় মায়ামি। ম্যাচের ৬৫ মিনিটে নোয়াহ অ্যালেনের পাসে মধ্যমাঠের কিছুটা সামনে বল পেয়েছিলেন সুয়ারেস। সেখান থেকে পালমেইরাসের দুই ডিফেন্ডার ফাঁক গলে বক্সের ভেতরে ঢুকে দারুণ এক শটে জালে বল জড়ান উরগুয়ে স্ট্রাইকার।
কিন্তু ম্যাচের শেষভাগে দুই গোল শোধ দিয়ে মেসির ৩৮তম জন্মদিনের উপলক্ষ্যটা রাঙাতে দিল না ব্রাজিলের ক্লাবটি।