বৃষ্টির কারণে ম্যাচের মাঝপথে বদলে গেল বাংলাদেশের ভেন্যু

সাফ অনূর্ধ্ব-২০ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আজ বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের মাঝ পথে এবার ভেন্যু পরিবর্তন করেছে আয়োজকরা। বৃষ্টির কারণে বন্ধ হয়ে থাকা বাংলাদেশ-ভুটান মেয়েদের ম্যাচের দ্বিতীয়ার্ধ কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।  

আজ বিকেল তিনটায় বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু হয়েছিল। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এর মধ্যেই বৃষ্টির কারণে মাঠ খেলার জন্য অনুপযুক্ত হয়ে যায়। মাঠকর্মীদের প্রচেষ্টার পরেও ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। 

প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। পরবর্তীতে সিদ্ধান্ত হয় ম্যাচের ভেন্যু বদলের। মেয়েদের সাফে এক ম্যাচ দুই ভেন্যুতে আয়োজনের নজির এর আগে দেখা যায়নি।  

দ্বিতীয়ার্ধের খেলা বসুন্ধরা কিংস অ্যারেনার পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।