রেয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা শিরোপাজয়ী কেইলর নাভাসের আচরণে ক্ষুব্ধ লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ। কোস্টারিকান গোলকিপারের দলবদলে ২০ লাখ ডলার আয় করলেও যেভাবে তিনি ক্লাব ছেড়েছেন তাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন ক্লাব রেগেমেগে পোস্ট দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত জানুয়ারিতে ফ্রিতে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দেন নাভাস। কিন্তু ছয় মাস পরই ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন মেক্সিকান ক্লাব পুমাস-এ। মুফতে যোগ দেওয়া এই গোলকিপারের জন্য অবশ্য এখন ক্ষতিপূরণ পাবে আর্জেন্টাইন ক্লাব। সব মিলিয়ে ২০ লাখ ডলার দেওয়া হবে তাদের।
কিন্তু ক্ষতিপূরণ পেলেও ক্ষোভ কমেনি নিওয়েলসের। বড় এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী গোলকিপারের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে ম্যারাডোনার সাবেক ক্লাব।
বিবৃতিতে নিউওয়েলস লিখেছে, ‘ক্লাব আতলেতিকো নিওয়েলস ওল্ড বয়েজ তার সদস্য, সমর্থক ও ভক্তদের জানাচ্ছে, ফুটবলার কেইলর নাভাস এই পেশাদার ক্লাবের সঙ্গে আর যুক্ত নন এবং মেক্সিকোর পুমাসে যোগ দিয়েছেন। ক্লাবের প্রতি নিবেদন, পেশাদারিত্ব এবং ক্লাবের মূল্যবোধের প্রতি সম্মান নিয়ে আমরা কখনো আপস করি না, এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নিউওয়েলস আরও বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খেলার ও মানবিক লক্ষ্য অর্জনে, সব সদস্যকে একই উদ্দেশ্য নিয়ে এগোতে হবে, নিজের চেয়ে দলের কথা আগে ভাবতে হবে। আমাদের পথ একদম পরিষ্কার: একতা, চেষ্টা এবং বড় কিছুর অংশ হওয়া। এই মূল্যবোধের ওপর ভিত্তি করে আমরা এই জার্সি ও আমাদের মানুষের আবেগকে সম্মান দেওয়ার জন্য কাজ করে যাব। এই চুক্তি অনুযায়ী ক্লাব আতলেতিকো নিউওয়েলস ওল্ড বয়েজ ১৯ লাখ ডলার পাবে এবং শর্তসাপেক্ষে আরও ১ লাখ মিলিয়ে ২০ লাখ পাবে।’
রেয়াল মাদ্রিদের হয়ে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ী নাভাস পরে পিএসজিতে তিনটি ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন। এই বছরের শুরুতে নিউওয়েলসে যোগ দেওয়ার পর ১৬ ম্যাচে নেমেছিলেন।