মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্ব

এবার বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের ব্যস্ততা শেষ হচ্ছে না। লাওসে আফঈদা খন্দকাররা এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্ব খেলছে, গতকাল প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জয়ও পেয়েছে। তবে মেয়েদের ব্যস্ততা সামনে আরও বাড়ছে। আজ এএফসি’র অনুর্ধ্ব-১৭ মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। 

মেয়েদের অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চাইনিজ তাইপে ও জর্ডানকে। আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পড়েছে সর্বশেষ ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে জর্ডানে। আগামী ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ।

এশিয়ার ২৭ টি দেশ এই বাছাই পর্বে অংশগ্রহণ করছে। ২৭ দেশকে ভাগ করা হয়েছে মোট আট গ্রুপে। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে চারটি করে দল, আর ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে তিনটি করে দল লড়াই করবে।

আগামী ১৩-১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ২০২৬ সালের ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে এশিয়ান কাপের মূল আসরে খেলবে। ইতিমধ্যে মূল পর্বে সরাসরি জায়গা পেয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া।