তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল। লন্ডনের আদালতে হাজির হয়ে তিনদিন আগে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। জামিন পাওয়ার দুদিনের মধ্যেই নতুন দলে যুক্ত হওয়ার খবর এল থমাস পার্তের।
আর্সেনালের সঙ্গে পার্তের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। সেই থেকে ফ্রি-এজেন্ট হিসেবে ছিলেন ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার। ফলে আর্সেনাল থেকে বিনামূল্যেই পার্তেকে পেয়েছে ভিয়ারেয়াল। গতকাল এক বিবৃতিতে পার্তেকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
পার্তের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের পাঁচটি অভিযোগ আছে। এছাড়া আরেকজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। ২০২১ ও ২০২২ সালে এ ঘটনাগুলো ঘটেছে বলে দাবি করা হয়। ওই সময় পার্তে আর্সেনালের জার্সিতে খেলছিলেন।
পার্তে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মঙ্গলবার আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। শর্তানুযায়ী, ওই তিন নারীর সঙ্গে পার্টে যোগাযোগ করতে পারবেন না। এছাড়া স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন ও অন্য দেশে ভ্রমণ করতে করতে চাইলে পুলিশকে অবহিত করতে হবে।
পার্তেকে এক বছরের জন্য দলে টেনেছে ভিয়ারেয়াল। আজ স্প্যানিশ ক্লাবটির অনুশীলনে যোগ দেওয়ার কথা ঘানার এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত এ ফুটবলারের আগমন ভিয়ারেয়াল সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
কয়েক শ ভিয়ারেয়াল ভক্ত এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সেখানে নতুন এই চুক্তিকে ‘ক্লাব ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ক্লাব এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ক্লাব জানে যে, খেলোয়াড় (পার্তে) ইংল্যান্ডে একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। তিনি দৃঢ়ভাবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নির্দোষ - ক্লাব এই মৌলিক নীতির ওপর শ্রদ্ধাশীল এবং আদালতের রায়ের অপেক্ষা করবে ক্লাব। ইংল্যান্ডে আইনি প্রক্রিয়া চলমান থাকায় ক্লাব এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারছে না।’