ফ্লোঘিয়ান ভিয়ের্তশ, উগো একিতিকে, জেরেমি ফ্রিমপং, মিলোশ কেরকেজ...এবার এরই মধ্যে ৩০ কোটি পাউন্ড খরচ করে খেলোয়াড় কিনেছে লিভারপুল। বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার কোটি টাকার কাছাকাছি। বড় অঙ্ক খরচ করে আরও খেলোয়াড় কেনার কথা চলছে। কিন্তু এত খরচের পর কাল প্রথম পরীক্ষাতেই ধাক্কা খেল গত মৌসুমে লিগ জেতা আর্নে স্লটের দল।
ইংল্যান্ডে মৌসুমের সূচনাসূচক কমিউনিটি শিল্ডে গত মৌসুমে এফএ কাপজয়ী ক্রিস্টাল প্যালেসের কাছে কাল টাইব্রেকারে হেরে গেছে লিভারপুল। ওয়েম্বলিতে দুবার এগিয়ে গিয়েও নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ করতে হয়েছে লিভারপুলকে, এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে গেছে প্যালেস।
চলতি বছরের আগে ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে তেমন বড় কোনো শিরোপা জিততে পারেনি ক্রিস্টাল প্যালেস। গত মে মাসে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জেতে সাউথ লন্ডনের ক্লাবটি।
এর তিন মাস যেতে না যেতেই ক্যাবিনেটে আরও একটা শিরোপা যোগ করলেন অলিভার গ্লাসনারের শিষ্যরা।
গতকাল ওয়েম্বলিতে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে লিভারপুলের হয়ে প্রথম শট নিতে গিয়ে বারের ওপর দিয়ে পাঠান মোহামেদ সালাহ। পরে আলেক্সিস মাকআলিস্তার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দেন প্যালেস গোলকিপার ডিন হেন্ডারসন। প্যালেসও দুটি শট মিস করলে আশা বেঁচে ছিল লিভারপুলের। তবে পঞ্চম ও শেষ শটে জাস্টিন ডেভেনির শট জালে জড়াতেই শিরোপা উদযাপনে মেতে ওঠে প্যালেস।
শুধু টাইব্রেকার নয়, ম্যাচেও উত্তেজনা কম হয়নি। ওয়েম্বলিতে ম্যাচ শুরুর আগে সাবেক লিভারপুল ফুটবলার দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার অপ্রত্যাশিত মৃত্যুর স্মরণে এক মিনিট শোক পালনের কথা ছিল। কিন্তু নীরবতা পালনের সময় কিছু প্যালেস সমর্থকদের হট্টগোলের কারণে এক মিনিটের আগেই শোক পালন শেষ করা হয়।
সেই উত্তেজনা সামলে ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় লিভারপুল। ৪ মিনিটের মাথায় ভিয়ের্তশের পাসে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে অলরেডদের এগিয়ে দেন একিতিকে। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ১৬ মিনিটে বক্সের ভেতর ইসমাইলা সারকে ফাউল করেন ভার্জিল ফন ডাইক। পেনাল্টি পায় প্যালেস। স্পটকিকে আলিসন বেকারকে উল্টো দিকে পাঠিয়ে প্যালেসকে সমতায় ফেরান জঁ ফিলিপ মাতেতা।
২১ মিনিটে আবারও এগিয়ে (২-১) যায় লিভারপুল। এবার গোলের খাতায় নাম লেখান আরেক নতুন সাইনিং জেরেমি ফ্রিমপং। ম্যাচের নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে আবারও লিড হারায় লিভারপুল। এবার প্যালেসকে সমতায় ফেরান সার।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর পেরে ওঠেনি লিভারপুল।
নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এভাবে প্যালেসের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে শিরোপা হাতছাড়া করাকে ‘হতাশাজনক’ হিসেবে উল্লেখ করেছেন ফন ডাইক। ম্যাচ শেষে ইএসপিএনের সঙ্গে আলাপকালে ডাচ ডিফেন্ডার বলেছেন, ‘আজ (রোববার) আমরা হেরেছি। এটাই মোটেই ভালো শুরু নয়। তবে আমাদের প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে। সেই মানসিকতাটা সবসময়ই আমাদের ছিল, এখনও আছে। এবার সব প্রতিযোগিতাতেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। আর সেসব প্রতিযোগিতায় আমাদের যোগ্যতা দেখাতে প্রস্তুত থাকতে হবে।’
ফন ডাইক যোগ করেন, ‘ম্যাচে ভালো কিছু দিকও আছে। তবে এমন অনেক বিষয় আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে, কাজ করতে হবে। আপাতত এটাই আমাদের মূল কাজ। এটা একটা ফাইনাল, ট্রফিটার জন্য আমরা খেলেছিলাম। ফাইনালটা জিততে চেয়েছিলাম। কিন্তু (জিততে না পারাটা) হতাশার।’