প্রথম ম্যাচেই বুকে কাঁপুনি ধরেছিল লিভারপুলের

ম্যাচ শুরুর আগে অ্যানফিল্ডে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভাকে। পালন করা হয় এক মিনিটের নীরবতাও। আবেগঘন পর্ব শেষে ম্যাচ শুরু হতেই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে লিভারপুল-বোর্নমাউথ দুদল।

শুরুতে গোলের দেখা পায় অল রেডরাই। ৩৭ মিনিটে উগো একিতিকে ও বিরতির পর কোদি খাকপোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল ফেরত দিয়ে বোর্নমাউথকে সমতায় (২-২) ফিরিয়ে লিভারপুল সমর্থকদের মনে কাঁপুনি ধরিয়ে দেয় অ্যান্টোয়ান সেমেনিও।

তবে কি প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারাবে বর্তমান চ্যাম্পিয়নরা- এমন শঙ্কাও জাগতে থাকে। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে সে শঙ্কা কাটিয়ে দেন ফেদেরিকো চিয়েসা। ৮৮ মিনিটে দারুণ এক ভলিতে গোল করে লিভারপুলকে এগিয়ে (৩-২) দেন ইতালির ২৭ বছর বয়সী এ রাইট উইঙ্গার। আর যোগ করা সময়ে মোহামেদ সালাহর দর্শনীয় এক গোলে শেষ পর্যন্ত ম্যাচটা ৪-২ ব্যবধানে জেতে লিভারপুল।

ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় দিয়েগো জোতাকে। ছবি: রয়টার্স

আবেগ, ছয় গোলের থ্রিলার ছাড়াও ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। গ্যালারি থেকে বর্ণবাদের শিকার হয়েছেন- এমন অভিযোগ তোলেন সেমেনিও। এ ঘটনায় ২৮ মিনিটের মাথায় ম্যাচ কিছুক্ষণ বন্ধও করে দেন রেফারি। হয়তো সেটাই যেন তাতিয়ে দিয়েছিল সেমেনিওকে। জোড়া গোল করে সে ঝালই হয়তো মিটিয়েছিলেন ঘানার ২৫ বছর বয়সী রাইট উইঙ্গার। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো হার নিয়েই!

বর্ণবাদ প্রসঙ্গে ম্যাচ শেষে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষোভ ঝেড়ে সেমেনিও লিখেছেন, ‘এটা কখন বন্ধ হবে?’ অন্যদিকে বোর্নমাউথ অধিনায়ক স্মিথ জানিয়েছেন, তিনি এ ঘটনায় মর্মাহত এবং এটা বন্ধে ‘কিছু একটা করা দরকার।’

স্কাই স্পোর্টসকে স্মিথ বলেছেন, ‘এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এ যুগেও এমনটা ঘটবে, এটা ভেবেই আমি স্তম্ভিত। আমি জানি না অ্যান্ট (সেমেনিও) কীভাবে খেলা চালিয়ে গেছে আর গোল করেছে।’

লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ চলাকালীন বর্ণবাদী আচরণের অভিযোগের ব্যাপারে লিভারপুল অবগত। আমরা সকল প্রকার বর্ণবাদ ও বৈষম্যের নিন্দা জানাই। সমাজ হোক আর ফুটবল, কোথাও এর স্থান নেই। তবে আজকের (শুক্রবার) ঘটনাটি পুলিশ তদন্তের বিষয় হওয়ায় এ ব্যাপারে ক্লাব আর কোনো মন্তব্য করতে পারছে না।’

জোড়া গোল করে বোর্নমাউথকে ম্যাচে ফিরিয়েছিলেন সেমেনিও। ছবি: রয়টার্স

বর্ণবাদ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও নিজের প্রথম ম্যাচে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি আর্নে স্লট। লিভারপুল কোচ কৃতিত্ব দিয়েছেন চিয়েসাকে। বোর্নমাউথ ম্যাচে ফেরার (২-২) পর ৮৮ মিনিটে চিয়েসার গোলেই এগিয়ে যায় লিভারপুল।

গত মৌসুমে মোটে ৪ ম্যাচ মাঠে নেমে ১০৪ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন চিয়েসা। এ মৌসুমে লিভারপুল ছাড়ছেন ইতালিয়ান উইঙ্গার- এ নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। এমন গুঞ্জনের মধ্যে গতকাল ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৬ মিনিটের মাথায় লিভারপুলের জয়সূচক গোলটা করলেন ২৭ বছর বয়সী তারকা।

চিয়েসার লিভারপুল ছাড়ার গুঞ্জন ও ভবিষ্যৎ নিয়ে ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত সে এখানে আছে, তাঁর ঠিকানা লিভারপুল। এর কোনো বদল হতে যাচ্ছে, এটা বিশ্বাস করার কোনো কারণ দেখছি না। গত মৌসুমে ফিটনেস ফিরে পেতে ওর বেগ পেতে হয়েছে। দুর্ভাগ্যবশত (প্রাক মৌসুম প্রস্তুতিতে) এশিয়ান ট্যুরে ও খেলতে পারেনি। ফলে অনেকগুলো ম্যাচে ওকে দেখা যায়নি। ২-২ সমতার পর যখন ফেদেরিকোকে (চিয়েসা) দরকার হলো, ও মাঠে নেমেই গোল করল।’

প্রিমিয়ার লিগে এটাই চিয়েসার প্রথম গোল। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত চিয়েসা তিনটি গোল করেছেন। মজার বিষয়, তিনটি গোলই ৮৮তম মিনিটের পরে করেছেন চিয়েসা।