মেসি গ্যালারিতে, মাচেরানোর লাল কার্ড, মায়ামি উদ্ধার পেনাল্টিতে

চোটের কারণে লিওনেল মেসিকে নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়নি ইন্টার মায়ামি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে দলের সেরা তারকাকে তাই দর্শক বানিয়ে রেখেছিল এমএলএসের দল। ম্যাচের মাঝপথে কোচ হাভিয়ের মাচেরানোকেও হারিয়ে ফেলেছে তারা।

তবে এসব ধাক্কা সামলে নিয়েই সেমিফাইনালে চলে গেছে মায়ামি। লুইস সুয়ারেসের পেনাল্টি গোলে মেক্সিকান ক্লাব তিগ্রেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে মাচেরানোর দল।

মায়ামির জয়ের নায়ক সুয়ারেস। উরুগুইয়ান স্ট্রাইকারই করেছেন দুই গোল। অবশ্য চাইলে তিগ্রেসের হাভিয়ের আকিনোকেও এই পুরস্কার দেওয়া যেতে পারে। মায়ামি যে দুটি পেনাল্টি পেয়েছে দুটোই তো এই ফুলব্যাকের সুবাদে।

ম্যাচের ২৩ ও ৮৯ মিনিটে দুটি পেনাল্টি পেয়েছে মায়ামি। দুটি আকিনোর হ্যান্ডবলের সুবাদে। ম্যাচের ৬৭ মিনিটে তিগ্রেসকে সমতায় ফিরিয়েছিলেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল কোরেয়া। 

২৩ মিনিটে সুয়ারেসের শট আকিনোর হাতে লাগলে ভিএআরের সাহায্য নিতে হয় রেফারিকে। সুয়ারেসের গোলের পর দুই দল যেন মল্লযুদ্ধে নেমেছিল কিছুক্ষণের জন্য। এ যুদ্ধে অংশ নিয়ে লাল কার্ড দেখেন মাচেরানো। যদিও মায়ামি তখন বুঝতে পারেনি।

বিরতিতে যাওয়ার পর মায়ামি জানতে পারে কোচকে আর ডাগআউটে নিয়ে নামতে পারবে না তারা। ৬৭ মিনিটে গন্সালো লুসানের ভুলে বল পেয়ে দুজনকে কাটিয়ে শট নেন। মায়ামি গোলকিপারের পজিশনিংয়ের ভুলে সমতায় ফেরে তিগ্রেস।

তবে ৮৮ মিনিটে আবার হ্যান্ডবল করে বসেন আকিনো। সুয়ারেসের গোল দলকে সেমিফাইনালে নিয়ে যায়।