ইন্টার মায়ামিকে আবারও উদ্ধার করলেন লিওনেল মেসি। লিগ কাপের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে মহাতারকার জোড়া গোলে অরলান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে মায়ামি।
ম্যাচের শুরু দেখে অবশ্য উলটো কিছু হবে বলে মনে হচ্ছিল। শুরু থেকেই একের পর এক সুযোগ সৃষ্টি করেছে অরলান্ডো। ২২ মিনিটে প্রতি আক্রমণে উঠে যান ইভান অ্যানগালো। সামনে শুধু গোলকিপার অস্কার উস্তারি ছিলেন। কিন্তু এমন অবস্থাতেও বল বাইরে পাঠান ইভান।
এরপরও একের পর এক সুযোগ নষ্ট করেছে দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কো পাসালিচ দলকে এগিয়ে দনে।
দ্বিতীয়ার্ধেও মায়ামি খুব একটা ভালো খেলছিল না। ম্যাচের ভাগ্য বদলে যায় ৭৫ মিনিটে। অরলান্ডোর ব্রেকালো লাল কার্ড দেখেন। সঙ্গে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৮৮ মিনিটে ইয়র্দি আলবার পাস থেকে মেসির দ্বিতীয় গোল আসে।
যোগ করা সময়ে তেলেসকো সেগোভিয়া দুর্দান্ত এক গোলে মায়ামির ফাইনালে যাওয়া নিয়ে দুশ্চিন্তা দূর করেন।