সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। গত শনিবার ইসমিয়ান লিগে উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচে মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন চিচেস্টার সিটিতে খেলা এ ফরোয়ার্ড। ওই ঘটনায় ১৩ মিনিট পরেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। মস্তিষ্কের গুরুতর আঘাতে কোমায় থাকার পর গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিগার। এক বিবৃতিতে ভিগারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিচেস্টার সিটি।
বিবৃতিতে চিচেস্টার উল্লেখ করেছে, ‘গত শনিবার মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার পর বিলি ভিগার কোমায় চলে যান। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। এতে সামান্য উন্নতি হলেও আঘাতটা এতটাই ভয়াবহ ছিল যে, শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার তিনি আমাদের ছেড়ে চলে যান।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সোমবার বিলির অবস্থা নিয়ে দেওয়া আপডেটের প্রতিক্রিয়ায় আমরা দেখেছি, বিলিকে কত মানুষ পছন্দ করত। যে খেলাটাকে ও এত ভালোবাসত, সেটা খেলতে গিয়ে এমন মৃত্যুতে ওর পরিবার ভেঙে পড়েছে।’
বিলি ভিগার ২০১৭ সালে ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন। পরবর্তীতে ২০২২ সালে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এরপর ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-২১ ও ইসবর্ন বোরোতে ধারে খেলেন। ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে হেস্টিংস ইউনাইটেডে যোগ দেন। সেখান থেকে চলতি মৌসুমে নাম লেখান চিচেস্টারে।
ভিগারের মৃত্যুতে চিচেস্টারের আগামী শনিবার লিউইসের বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আর্সেনালও ভিগারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে।