গতকাল শনিবারের আগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদ শেষবার খেলছে গত মার্চে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ওই ম্যাচে পেনাল্টি শট নিতে গড়বড় পাকিয়েছিলেন হুলিয়ান আলভারেস। শট নেওয়ার সময় পা পিছলে বলে দুইবার স্পর্শ হওয়ার অভিযোগে আলভারেসের গোলটা বাতিল হয়। তাতে কোয়ার্টার ফাইনালে ওঠে রেয়াল মাদ্রিদ।
সেই ঘটনার নয় মাস পর গতকাল মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুদল। এবার রেয়ালকে সামনে পেয়ে আগেরবারের দুঃখ ঘোচালেন আর্জেন্টাইন তারকা। আলভারেসের জোড়া গোলে ভর করে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর হয়ে অন্য গোল তিনটি করেছেন রবিন লে নরমান্দ, আলেক্সান্দার সরলথ ও আঁতোয়ান গ্রিজমান।
রেয়ালকে বড় ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে ৭৫ বছর পর এক কীর্তি গড়েছে আতলেতিকো। মাদ্রিদ ডার্বিতে ১৯৫০ সালের পর এই প্রথম রেয়ালের জালে অন্তত ৫ গোল দিল আতলেতিকো। এর আগে ১৯৫০ সালের নভেম্বরে রেয়ালের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জিতেছিল দলটি।
সব মিলিয়ে চতুর্থবার রেয়ালের জালে পাঁচ গোল দিল আতলেতিকো। অন্যদিকে লা লিগায় গতকালের আগে রেয়াল শেষবার অন্তত পাঁচ গোল হজম করেছিল ২০১৮ সালের অক্টোবরে। বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচে ৫-১ গোলে হেরেছিল লস ব্ল্যাঙ্কোরা।
রেয়াল মাদ্রিদকে চলতি মৌসুমে প্রথমবার হারের স্বাদ দেওয়ার পথে দারুণ একটা কীর্তি গড়েছেন দিয়েগো সিমিওনেও। লা লিগায় রেয়ালের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে অপরাজিত (২ জয়, ৪ ড্র) আতলেতিকো।
গতকালের ম্যাচে ফেরা যাক। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা আতলেতিকো প্রথম গোলের দেখা পায় ১৪ মিনিটে। ডানপ্রান্ত থেকে জিউলিয়ানো সিমিওনের ক্রসে দারুণ এক হেডে আতলেতিকোকে এগিয়ে দেন নরমান্দ। ১১ মিনিট পর রেয়ালকে সমতায় (১-১) ফেরান কিলিয়ান এমবাপ্পে। এর ১১ মিনিট পর লিডও পেয়ে যায় শাবি আলোনসোর দল। ভিনিসিয়ুসের ক্রসে স্কোরলাইন ২-১ করেন আরদা গুলাশ।
৪৪ মিনিটে আবার জালে বল জড়ায় আতলেতিকো। ফাউলের দায়ে ক্লেমেন্ত লংলের গোলটি অবশ্য বৈধতা পায়নি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিমিওনের দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে আতলেতিকোকে সমতায় (২-২) ফেরান সরলথ।
বিরতির পর রেয়াল মাদ্রিদ আর গোলের দেখা পায়নি। উল্টো শাবির দল হজম করেছে আরও তিনটি গোল। এর মধ্যে ৫১ মিনিটে পেনাল্টি থেকে জালে বল জড়ানোর পর ৬৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান আরও বাড়ান (৪-২) আলভারেস। আর শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে স্কোরলাইন ৫-২ করেন গ্রিজমান।
গতকালের জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সা ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। আজ সোসিয়েদাদের বিপক্ষে জিতলে রেয়ালকে টপকে শীর্ষে উঠবে হানসি ফ্লিকের দল।
গতকাল ম্যাচ শেষে কথা বলেছেন আতলেতিকোর জয়ের নায়ক আলভারেস। বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা জানতাম আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। ডার্বিতে তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। বিশেষ করে শীর্ষে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম, আর কখনো হাল ছাড়িনি। অনেক গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি সেগুলো গোলে পরিণত করতে পেরেছি।’
গত মার্চে চ্যাম্পিয়নস লিগে সেই পেনাল্টি ইস্যুর পর গতকাল আলভারেস প্রথম গোলটা করেছেন পেনাল্টিতেই। এ প্রসঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছেন, ‘প্রতিটি পেনাল্টিতেই নতুন শট নিতে হয়, প্রতিটি ম্যাচই নতুন সুযোগ এনে দেয়।’