একদিন আগে সেলতা ভিগোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলেছিল জোসে মরিনিওর দল। সেই চাপ তো ছিলই, তারউপর গতকাল রোববার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা।
মনে হচ্ছিল, এবার বুঝি হারটা ঠেকাতে পারবে না হানসি ফ্লিকের দল। কিন্তু সেই ধারণা উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ৫৭ থেকে ৬৭- এই ১১ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের জালে ৩ বার বল জড়ায় বার্সা। তাতে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল। একই সঙ্গে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও বাড়িয়েছে বার্সা।
বর্তমানে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সার গতকাল রাতের প্রতিপক্ষ ভিয়ারিয়াল ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে আছে।
গতকালের ম্যাচে ফেরা যাক। ম্যাচের শুরুতেই চমক দেখায় ভিয়ারিয়াল। ৫ম মিনিটে ফেরমিন লোপেসের ভুলে বল পান বুকানান। এরপর প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে হোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এ কানাডিয়ান মিডফিল্ডার।
দুমিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ওলুসেয়ি। মধ্যমাঠ থেকে বাড়ানো থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরাল শটে স্কোরলাইন ২-০ করেন ভিয়ারিয়াল ফরোয়ার্ড।
শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া বার্সা জোর চেষ্টা চালায়। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না ফ্লিকের দল। এরমধ্যে ভিএআর যাচাইয়ে একবার পেনাল্টি পেলেও ইয়ামালের স্পটকিক লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে দ্বিতীয়ার্ধে ভাগ্যবিধাতা মুখ তুলে তাকান বার্সার দিকে। ৫৭ মিনিটে পেদ্রির ক্রসে হেডে একটি গোল শোধ করেন জেরার্ড মার্টিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে সমতা ফেরান ফেরমিন লোপেস। এরপর ৬৪ মিনিটে পাউ নাভারোর আত্মঘাতী গোলে এগিয়ে (৩-২) যায় বার্সেলোনা। এই নাভোরাই আবার ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অন্যদিকে বার্সা মাঠ ছাড়ে জয়ের স্বস্তি নিয়ে।


