লিভারপুলকে হারিয়ে ‘অপরাজিত’ প্যালেস

শক্তিতে পিছিয়ে থাকা দলটাই এখন আর পাত্তা দিচ্ছে না তাদের

চলতি মৌসুমে ম্যাচের শেষ সময়ে গোল করে জয় ছিনিয়ে নেওয়াকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে লিভারপুল। গতকাল শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচেও সেটার আশা জাগিয়েছিল আর্নে স্লটের দল। ম্যাচের ৯ম মিনিটে ইসমাইলা সারের গোলে পিছিয়ে পড়ার পর ৮৭ মিনিটে ফেদেরিকো কিয়েসা যখন লিভারপুলকে সমতায় ফেরালেন, মনে হয়েছিল – আবার বুঝি শেষ সময়ে গোল করে পয়েন্ট পাচ্ছে লিভারপুল।

কিন্তু এতদিন যে অস্ত্রে এতদিন সবাইকে ঘায়েল করে এসেছে, সেটাই কাল বুমেরাং হয়ে এল লিভারপুলের জন্য। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে ক্রিস্টাল প্যালেসের জয় নিশ্চিত করেন এডওয়ার্ড এনকেটিয়া। শুধু লিভারপুলের ‘অস্ত্রে’ লিভারপুলকে ঘায়েলই করেনি, প্যালেসের ২-১ ব্যবধানের জয়ে এটাও নিশ্চিত হয়ে যায়, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন একমাত্র অপরাজিত দল তারাই।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১৮ ম্যাচ ধরে অপরাজিত অলিভার গ্লাসনারের দল। সে পথে লিভারপুলকেই এ মৌসুমে দুবার হারাল প্যালেস। গতকালের আগে আগস্টে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়েছিল গ্লাসনারের শিষ্যরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্লাসনার প্যালেসের কোচ হওয়ার পর থেকে এ নিয়ে পাঁচবার লিভারপুল খেলল তাদের সাথে, এর মধ্যে লিভারপুলের জয় ১ ম্যাচে, প্যালেসের ২টিতে। শক্তিতে অনেক এগিয়ে থাকা লিভারপুলকে যেন ইদানিং পাত্তাই দিচ্ছে না প্যালেস।

গতকালের ম্যাচে প্রথমার্ধেও লিভারপুলকে খুঁজেই পাওয়া যায়নি। অলরেডদের রক্ষণ দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে। তবে গোলপোস্টের নিচে আলিসন বেকার দুর্দান্ত ছিলেন বলে ন্যূনতম ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্লটের দল।

কদিন আগে শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে প্যালেস থেকে মার্ক গুয়েহির লিভারপুলে যাওয়ার জোর সম্ভবনা জেগেছিল। তবে শেষ দিনে প্যালেসেই থাকার সিদ্ধান্ত নেন ইংলিশ ডিফেন্ডার। গতকাল ইব্রাহিমা কোনাতে-কনর ব্র্যাডলিরা যেখানে রক্ষণ সামলাতে খাবি খাচ্ছিলেন, সেখানে প্যালেস ডিফেন্সে দুর্গ গড়ে তুলেছিলেন গুয়েহি। ম্যাচ শেষে তাই কোচের প্রশংসাও পেয়েছেন তিনি।

অন্যদিকে লিভারপুল কোচ নিজেদের রক্ষণ দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন। স্লট বলেছেন, ‘আমরা যেভাবে রক্ষণ সামলেছি, তাতে এ হারের দায় আমাদের নিজেদেরই। আমাদের একজন (বদলি নামা ফ্রিমপং) হঠাৎ দৌড়ে উঠে গেল। ও আসলে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল। তখন সময় প্রায় শেষের দিকে। এটার কোনো দরকার ছিল না। আমাদের শুধু রক্ষণে মনোযোগ দেওয়া উচিত ছিল। হয়তো আমরা অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে গিয়েছিলাম। নয়তো আমাদের একজন অতিরিক্ত আক্রমণাত্মক খেলোয়াড় ছিল। আর সে কারণেও ওরা জয়সূচক গোলটা পেল, আমরা ম্যাচ হারলাম।’

লিভারপুল কোচ যেখানে ডিফেন্ডারদের নিয়ে হতাশ, সেখানে নিজেদের ডিফেন্স, বিশেষ করে অধিনায়ক গুয়েহিকে প্রশংসায় ভাসিয়েছেন গ্লাসনার। প্যালেস কোচ বলেছেন, ‘মার্কের (গুয়েহি) কাছে এটাই আশা করেছিলাম। প্রত্যেকটা অনুশীলনেই ও বুঝিয়ে দেয়, ও কতটা দুর্দান্ত আর দারুণ মানসিকতার। একজন ভালো খেলোয়াড় হওয়ার চেয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

গ্লাসনারের অধীনে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পথে লিগে সব মিলিয়ে ১২ ম্যাচ ধরে অপরাজিত প্যালেস। গতকাল লিভারপুলের বিপক্ষে জয়ের পর দলটির সমর্থকেরা স্টেডিয়াম ছাড়ার সময় বলছিলেন, ‘আমরা লিগ জিতব।’

অবশ্য ৩৮ রাউন্ডের লিগে মোটে ৬ ম্যাচ হয়েছে। তাতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে প্যালেস। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। মৌসুমের যে মাত্র শুরু, বাস্তবতার কথা মনে করিয়ে প্যালেস কোচ বলেছেন, ‘আমরা এখনো সেপ্টেম্বরেই।’ তবে সমর্থককের আবেগকে সম্মান করেন গ্লাসনার, ‘আমরা এই অনুভূতিগুলোকে ইতিবাচকভাবেই দেখছি। এগুলো আমাদের দ্রুত দাঁড়াতে এবং নিজেদের কাজটা ঠিকঠাক চালিয়ে যেতে সাহায্য করে।’

গুয়েহি যে শেষ পর্যন্ত প্যালেসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সে প্রসঙ্গে প্যালেস কোচ যোগ করেন, আমাদের একটা স্লোগান হলো, ‘যদি তুমি বিনিয়োগ করো, এর প্রতিদান অবশ্যই পাবে। এটা আমি ভালোমতোই বিশ্বাস করি।’