প্রতিপক্ষের ‘সাহায্য’ নিয়েই রেয়াল মাদ্রিদের পেছন পেছন দৌড়াচ্ছে বার্সা

লা লিগার পয়েন্ট তালিকায় রেয়াল মাদ্রিদের চেয়ে এমনিতেই পিছিয়ে ছিল বার্সেলোনা। গত সপ্তাহে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বার্সা হারলে সেই ব্যবধান আরও বেড়ে যায়। তারওপর গত পরশু (শনিবার) নিজেদের ম্যাচ জিতে ব্যবধান আরেকটু বাড়িয়ে বার্সার ওপর বাড়তি চাপ যোগ করে শাবি আলোনসোর দল।

এমন পরিস্থিতিতে বার্সা কী করে, সেটাই ছিল দেখার। গতকাল রোববার ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিসে এলচের বিপক্ষে ভুল করেনি বার্সা। লামিন ইয়ামাল, ফেরান তোরেস এবং রাশফোর্ডের গোলে এলচেকে ৩-১ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের দল।

বার্সা প্রথম দুটি গোলই পেয়েছে প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। তাতে জয়ের ধারায় ফিরে পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠেছে কাতালান ক্লাবটি। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।

ম্যাচটা লামিন ইয়ামালের জন্যও ছিল স্বস্তির। গতকালের আগে স্প্যানিশ তরুণ উইঙ্গার শেষবার গোল পেয়েছেন গত ৩১ আগস্ট। এরপর চোট, অফ ফর্ম, মাঠের বাইরের নানান বিতর্কে আলোচনায় ছিলেন ইয়ামাল। গত সপ্তাহের এল ক্লাসিকোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে।

গতকাল অবশ্য জাল খুঁজে পেতে বেশি সময় নেননি। ম্যাচের ৯ম মিনিটে আলেহান্দ্রো বালদের পাসে বল পেয়ে দারুণ ফিনিশিং দেন ইয়ামাল। বার্সা এ গোলটি পেয়েছে প্রতিপক্ষের রক্ষণের ভুলে। এলচের অস্ট্রিয়ান ডিফেন্ডার দাভিদ আফেনগ্রুব সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করেছেন। সেই বল পেয়েছেন বালদে, সেখান থেকে ইয়ামাল হয়ে বল এলচের জালে।

এর দুমিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। এবারও এলচের ভুলের সুযোগ নিয়ে। বার্সার দিক থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে পিছলে পড়েন আদ্রিয়া পেদ্রোসা। সেই সুযোগ বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে ক্রস করেন ফেরমিন লোপেস। তুলনামূলক ফাঁকায় সুযোগ পেয়ে স্কোরলাইন ২-০ করতে তেমন বেগ পেতে হয়নি ফেরান তোরেসের।

শুরুতেই দুই গোলে এগিয়ে যাওয়া বার্সার তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। এবারও অ্যাসিস্টে ফেরমিন লোপেসের নাম। এবার ডানপ্রান্ত থেকে ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের বাড়ানো ক্রসে বল পেয়ে জোরালো শটে ফিনিশিং দেন রাশফোর্ড।

এ গোলের আগে অবশ্য একটি গোল ফেরত দিয়েছে এলচে। বিরতির আগে পাল্টা আক্রমণে ব্যবধান কমিয়েছেন রাফা মির। এলচের এ স্প্যানিশ লেফট উইঙ্গার পরে আরও দুটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু ৫৫ মিনিটে মিরের শট ক্রসবারে লাগার পর ৬৭ মিনিটে পোস্টে লেগে ফেরত আসে।

অন্যদিকে বার্সাও বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছে। ফাঁকায় বল পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছেন ইয়ামাল-রাশফোর্ড-তোরেসরা। বিশেষ করে রাশফোর্ডের গোলসংখ্যা আরও বাড়তে পারত বলে ম্যাচ শেষে মন্তব্য করেছেন বার্সা কোচ।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘ওর (রাশফোর্ড) সামনে যেসব সুযোগ আসে, সেখান থেকে আরও দুই-একটা গোল করা ওর জন্য যেমন ভালো হবে, তেমনি দলের জন্যও। তবে আমরা ওকে নিয়ে খুশি। আমি সত্যিই ওকে নিয়ে সন্তুষ্ট।’

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গিয়েছেন রাশফোর্ড। সেই থেকে এখন পর্যন্ত বার্সার জার্সিতে ১৪ ম্যাচে ১২ গোলে অবদান রেখেছেন। যা ক্লাবটির হয়ে এ মৌসুমে অন্য যে কারও চেয়ে বেশি। রাশফোর্ডের ওপর সন্তুষ্ট ফ্লিক বলেছেন, ‘ও এই মানের খেলা খেলতে পারে, সেটা প্রমাণ করছে। সমর্থক, ক্লাব ও সতীর্থদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

কোচের প্রশংসা পেলেও এলচের বিপক্ষে গোল বা অ্যাসিস্ট না বাড়াতে পারায় ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন রাশফোর্ড, ‘মাঠে আমি সঠিক কাজগুলোই করার চেষ্টা করি। আজ (রোববার) আমার আরও এক-দুটি অ্যাসিস্ট বা গোল থাকতে পারত। কিন্তু কখনো কখনো শট নিতে বা পাস দেওয়ার সিদ্ধান্তে ভুল হয়েছে।’

ইয়ামাল দীর্ঘদিন পর বার্সার জার্সিতে গোল পেয়েছেন। ফ্লিক জানিয়েছেন, এখনো পুরোপুরি ফিট নন স্প্যানিশ উইঙ্গার। বার্সা কোচ বলেছেন, ‘ও (ইয়ামাল) চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এটা এমন কিছু নয়, যা রাতারাতি ঠিক হয় যাবে। ওকে বিষয়টা সামলাতে হবে।’