চলতি মৌসুমটা রায়ো ভায়েকানোর যে খুব ভালো যাচ্ছে, এমন নয়। এখন পর্যন্ত লা লিগায় ১২ ম্যাচ খেলে জিতেছে মোটে ৪টিতে। ৩ ড্রয়ের বিপরীতে হেরেছে বাকি ৫ ম্যাচে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ভায়েকানো যে তিনটি ম্যাচ ড্র করেছে, তার দুটিই বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ মাদ্রিদের বিপক্ষে। আর সে দুটি ম্যাচই দলটি খেলেছে ঘরের মাঠে।
গত ৩১ আগস্ট ঘরের মাঠ স্তাদিও দে ভায়েকাসে বার্সাকে ১-১ গোলে আটকে দিয়েছিল ভায়েকানো। এবার আটকে দিয়েছে মাদ্রিদকে। লা লিগার ম্যাচে গতকাল রাতে শাবি আলোনসোর দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভায়েকানো। চলতি মৌসুমে ভায়েকানোই প্রথম দল, যারা ঘরের মাঠে বার্সা ও রেয়াল মাদ্রিদ- দুই স্প্যানিশ পরাশক্তির বিপক্ষেই হারেনি।
গতকাল মাদ্রিদকে আটকে দিয়ে বার্সার সুবিধা করেছে ভায়েকানো। এমনিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল শাবি আলোনসোর দল। গতকাল মোটে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় সে ব্যবধান এখন নেমে এসেছে তিনে। শীর্ষে থাকা মাদ্রিদের পয়েন্ট এখন ১২ ম্যাচে ৩১। গতকাল নিজেদের ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ভায়েকানো।
অবশ্য মাদ্রিদ গতকাল গোল পেতে কম চেষ্টা চালায়নি। কিন্তু ভাগ্য বিধাতা মুখ তুলে তাকাননি শাবি আলোনসোর দলের দিকে। ম্যাচে ২১টি শট নিয়েছিলেন ভিনিসিয়ুস, বেলিংহাম, এমবাপ্পেরা। কিন্তু বেশিরভাগ শট পোস্ট কিংবা বার ঘেঁষে বেরিয়ে গেছে। আর যে ৫টি শট লক্ষ্যে ছিল, সেটাও দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন ভায়েকানোর আর্জেন্টাইন গোলকিপার অগুস্তো বাতাইয়্যা।
অবশ্য প্রতিআক্রমণে মাদ্রিদ সমর্থকদের মনেও দুবার ভয় ধরিয়েছিল ভায়েকানো। দুবারই বিশ্বস্ত হস্তে মাদ্রিদের গোলমুখ অক্ষত রেখেছেন থিবো কোর্তোয়া। এতে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে মাদ্রিদ।