১৪৬ কোটি টাকা খরচ করে মেসির গোল দেখল অ্যাঙ্গোলা

গত ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করেছে অ্যাঙ্গোলা। বিশেষ এই উপলক্ষ্যটা রাঙাতে লিওনেল মেসির আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানিয়েছিল আফ্রিকার দেশটি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে নামাতে ১ কোটি ২০ লাখ ডলার দিয়েছে অ্যাঙ্গোলা, বাংলাদেশি অর্থমূল্যে যা ১৪৬ কোটি টাকারও বেশি।

আর্জেন্টিনা ও মেসির অ্যাঙ্গোলা সফর নিয়ে দেশটিতে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্বাধীনতা দিবসের নামে নামকরণ করা ’১১ নভেম্বর স্টেডিয়ামে’ ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি দর্শক। তাদের কাছে ম্যাচের ফল হয়তো তেমন গুরুত্বপূর্ণ ছিল না। সে কারণে মেসির গোলেও উদযাপন করতে দেখা গেছে তাদের।

ম্যাচটা অনুমিতভাবে আর্জেন্টিনাই জিতেছে। আফ্রিকার দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার অন্য গোলটি করেছেন লওতারো মার্তিনেস। ওই গোলটার অ্যাসিস্ট করেছেন মেসি।

জয় প্রায় নিশ্চিত হওয়ার পর ম্যাচের শেষ দিকে আর্জেন্টাইন অধিনায়ককে তুলে নেন স্কালোনি। মেসি মাঠ ছাড়ার সময় পুরো গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানায় সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৮৭ ধাপ পিছিয়ে থাকা অ্যাঙ্গোলা অবশ্য মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলেনি। আলবিসেলেস্তেদের খেলায় গতি, আক্রমণাত্মক মানসিকতা তেমনটি পাওয়া যাচ্ছিল না শুরুতে। অন্যদিকে ১৫ মিনিটের মধ্যেই দুবার আর্জেন্টাইন সমর্থকদের মনে ভয় ধরিয়েছিল অ্যাঙ্গোলা।

বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও আর্জেন্টিনা তেমন সুবিধা করতে পারছিল না। এর মধ্যে মেসি দুবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এর মধ্যে একটিতে দুর্দান্ত সেভ করেছেন অ্যাঙ্গোলা গোলকিপার উগো মার্কেস।

তবে মেসির অ্যাসিস্টেই ডেডলক ভাঙে আর্জেন্টিনা। ৪৩ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের পাসে বক্সে ঢুকে কোনাকুনি শটে স্কোরলাইন ১-০ করেন লওতারো মার্তিনেস।

আর নির্ধারিত সময়ের ৮ মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোলটি করেছেন মেসি। এবার অ্যাসিস্ট করেছেন লওতারো মার্তিনেস। প্রতিপক্ষের ভুলের সুযোগে মধ্যমাঠের কিছুটা সামনে বল পান মেসি। সেখান থেকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ ক্ষিপ্রতায় দৌড়াতে থাকেন অ্যাঙ্গোলা বক্সের দিকে। বক্সে ঢুকতেই ট্যাকল করে বল ক্লিয়ারের চেষ্টা করেন জোনাথান বুয়াতু। তবে সেই বল যায় লওতারোর পায়ে। লওতারো বল দেন মেসিকে, মেসির জোরালো শট আশ্রয় নেয় জালে। জাতীয় দলের হয়ে ১৯৬তম ম্যাচে এটি মেসির ১১৫তম গোল। এর ৪ মিনিট পর মেসিকে তুলে নেন স্কালোনি।