২৫ মার্চ, ২০২৫। চলতি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। শিলংয়ে ভারতের বিপক্ষে ওই ম্যাচটা আরও একটা কারণে মনে রাখবেন বাংলাদেশি সমর্থকেরা। ওই ম্যাচ দিয়েই যে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর।
তবে হামজার অভিষেকের উপলক্ষ্যটা রাঙাতে পারেনি বাংলাদেশ। ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। এরপর বাছাইপর্বে আরও পাঁচটা করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়েছে দুদলেরই। আজ আরও একবার মুখোমুখি দুদল। গ্রুপের তলানির দুদলের জন্য আজকের ম্যাচটা নিয়মরক্ষার পাশাপাশি সম্মান রক্ষার লড়াইও!
পরিসংখ্যানের পাল্লা একদিকে হেলে থাকলেও প্রতিবেশি দুই দেশের সাম্প্রতিক লড়াই কম উত্তাপ ছড়ায়নি। ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ে সমর্থকদের কতটা আগ্রহ, সেটা ৬ মিনিটে স্টেডিয়ামের সব টিকিট শেষ হওয়া থেকে সহজেই অনুমান করা যায়। সমর্থকদের মতো এ ম্যাচটা নিয়ে উত্তেজনা কাজ করছে হামজা চৌধুরীরও। জাতীয় দলের এ তারকা মিডফিল্ডার জানিয়েছেন, ভারতের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তিনি। আরেক তারকা মিডফিল্ডার শমিত সোম জানিয়েছেন, বাংলাদেশের জন্য, সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিতে চান।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ভারত জিতেছে ১৩ ম্যাচে, ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আর বাকি ৩টি ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ শেষবার জিতেছিল সেই ২২ বছর আগে! ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
ভুলে যাওয়া সেই স্মৃতি হামজা-শমিতদের হাত ধরেই নতুন করে ফিরবে জাতীয় স্টেডিয়ামে, এমন আশায় বুক বাঁধছেন বাংলাদেশি সমর্থকেরা। আর সমর্থকদের জন্য নিজেকে নিংড়ে দিতে পুরোপুরি প্রস্তুত হামজা-শমিতরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হামজা চৌধুরী লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’
হামজার জন্য এ ম্যাচটা বিশেষ। এই ভারতের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডারের। সেই থেকে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ গোল করেছেন। এর মধ্যে গত সপ্তাহে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তবে পুরোনো রোগ শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচটা ড্র করে বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম প্রথম প্রতিপক্ষের বিরুদ্ধে আরেকবার মুখোমুখি হওয়ার উপলক্ষ্যটা রাঙাতে চাইবেন হামজা!
কানাডার দল ক্যাভালরিতে খেলা আরেক মিডফিল্ডার শমিতও জানিয়েছেন, তিনি ভারতের বিপক্ষে নিজের সেরাটা দিতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিডফিল্ডার লিখেছেন, ‘আজ বড় ম্যাচ। নিজেদের মাঠে নিজেদের মানুষের সমর্থন নিয়ে নামার অনুভূতির মতো আর কিছু নেই। আমরা আমাদের সেরাটা দেব— এই ব্যাজের জন্য, সমর্থকদের জন্য, বাংলাদেশের জন্য।’