অপটা অ্যানালিস্টের বিশ্লেষণ

কীসের ফ্রান্স-পর্তুগাল? আর্জেন্টিনার গ্রুপই তো সবচেয়ে কঠিন

প্রতিবার বিশ্বকাপ ড্র-য়ের পর আলোচিত বিষয়গুলোর অন্যতম ‘গ্রুপ অব ডেথ’ বা মৃত্যুকূপ। সবচেয়ে কঠিন গ্রুপ কোনটা হলো, কারা আগে-ভাগেই বিদায় নেবে- এ নিয়ে চলে বিস্তর আলোচনা। ব্যতিক্রম নয় এবারও। তবে এবার বিশ্বকাপের দল বেড়ে ৩২ থেকে ৪৮ হওয়া, টুর্নামেন্টের পরিবর্তিত নিয়মের কারণে আগের মতো গ্রুপ পর্বে কঠিন পরীক্ষায় পড়তে হবে না দলগুলোকে। এমনকি গ্রুপের তৃতীয় সেরা হলেও থাকছে পরের রাউন্ডে ওঠার সুযোগ।

সে যাই হোক, এরপরও ১২ গ্রুপের কোনটি সবচেয়ে কঠিন হলো, সে নিয়ে সরগরম ফুটবল দুনিয়া। খালি চোখে অনেকেই ফ্রান্স কিংবা পর্তুগালের গ্রুপকে সবচেয়ে কঠিন মনে করছেন। কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে গ্রুপ ‘আই’তে আর্লিং হলান্ডের নরওয়ে, আফ্রিকার শক্তিশালী দেশ সেনেগাল এবং ফিফা প্লে-অফ ২ (ইরাক, বলিভিয়া, সুরিনাম) থেকে যাবে আরেক দল। অন্যদিকে উজবেকিস্তান, কলম্বিয়াকে সঙ্গী হিসেবে পাওয়া পর্তুগালের গ্রুপের চতুর্থ দল নির্বাচিত হবে আরেক প্লে-অফে।

খালি চোখে যতই এ দুটো গ্রুপকে শক্তিশালী মনে হোক না কেন, পরিসংখ্যান নিয়ে কাজ করা বিশ্বস্ত মাধ্যম অপটা জানাচ্ছে, এবারে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেটা কীভাবে? বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি জাতীয় দলকে ০ থেকে ১০০ এর মধ্যে রেটিং দিয়েছে অপটা। এ রেটিংয়ে ০ মানে সবচেয়ে দুর্বল, আর সবচেয়ে শক্তিশালী মান ১০০। প্রতিটি গ্রুপের দলগুলোর এ রেটিং থেকে গড় করে কোন গ্রুপ কতটা কঠিন, সেটা বিশ্লেষণ করেছে অপটা। সেই বিশ্লেষণ অনুসারে, গড়ে সবচেয়ে বেশি ৭৭.১ রেটিং পেয়ে সবার ওপরে গ্রুপ ‘জে’। অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপটাই সবচেয়ে কঠিন!

 

অপটার বিশ্লেষণ অনুসারে, কঠিন থেকে সহজ গ্রুপ ক্রমান্বয়ে সংক্ষেপে বিশ্লেষণ করা হলো:

 

গ্রুপ ‘জে: গড় রেটিং- ৭৭.১

গ্রুপ সদস্য: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কারণে যে এই গ্রুপের গড় রেটিং বেড়েছে, সেটা বোধহয় না বললেও চলে। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা আর্জেন্টিনার অপটা রেটিং ৯৭.৮। অপটা পাওয়ার র‍্যাঙ্কিংয়েও দুইয়ে আলবিসেলেস্তেরা।

গ্রুপের বাকি তিন দলের দুটি অপটা র‍্যাঙ্কিংয়ে ৩১ বা এর ওপরে। আর্জেন্টিনার পরে অপটা রেটিং অস্ট্রিয়ার (৭৫.৩) ও আলজেরিয়ার (৭২.২)। গ্রুপের তলানির দল জর্ডান। অপটার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ৫৮ নম্বরে থাকা জর্ডানের অপটা রেটিং ৬৩.১। গ্রুপের গড় পাওয়ার র‍্যাঙ্কিং ২৯.৩। পরিসংখ্যানগত দিক থেকে এ গ্রুপকেই ‘গ্রুপ অব ডেথ’ বা মৃত্যুকূপ আখ্যা দিয়েছে অপটা।

 

গ্রুপ ‘আই: গড় রেটিং- ৭৬.৭

গ্রুপ সদস্য: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা ‘প্লে-অফ ২ জয়ী দল

বর্তমান রানার্স আপ ফ্রান্স (অপটা রেটিং ৯৬.৮), আর্লিং হলান্ডের নরওয়ে (রেটিং ৭৭.৬) ও আফ্রিকার শক্তিশালী দেশ সেনেগাল (রেটিং ৭৬.১), প্রতিপক্ষ বিবেচনায় গ্রুপটি বেশ কঠিনই। তবে গ্রুপ ‘আই’য়ের গড় রেটিং কমিয়ে দিয়েছে গ্রুপের চতুর্থ দল। যে দলটি নির্বাচিত বে আন্ত:মহাদেশীয় দ্বিতীয় প্লে-অফের মাধ্যমে। গ্রুপের চতুর্থ জায়গাটি পাওয়ার দৌড়ে আছে ইরাক (রেটিং ৬৩.২), বলিভিয়া (৬৩) বা সুরিনাম (৪২.৩)।

 

গ্রুপ ‘এফ: গড় রেটিং- ৭৬.৬

গ্রুপ সদস্য: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘বি জয়ী দল

অপটার গড় রেটিংয়ে প্রকৃতপক্ষে সবচেয়ে এগিয়ে ‘এফ’ গ্রুপই। এই গ্রুপে নিশ্চিত হওয়া তিন দলের মধ্যে সবচেয়ে বেশি ৮৮.৭ রেটিং নেদারল্যান্ডসের। ৮১.২ রেটিং নিয়ে পরের অবস্থানে জাপান আর তিনে থাকা তিউনিশিয়ার রেটিং ৬৮.৩।

গ্রুপের গড় পাওয়ার র‍্যাঙ্কিং ২৭.৮, যা সবচেয়ে শক্তিশালী। তবে গ্রুপের সেরা দল নেদারল্যান্ডসের রেটিং আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো উচ্চ নয় বলেও গ্রুপের সামগ্রিক গড় রেটিং কমে গেছে।

এই গ্রুপের চতুর্থ দল নির্বাচিত হবে ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ থেকে। চতুর্থ স্থানটি পাওয়ার দৌড়ে আছে ইউক্রেন (৭৪.৭), সুইডেন (৬৫.৪), পোল্যান্ড (৭০.৫) এবং আলবেনিয়া (৬২.২)। এই চার দলের গড় অপ্টা পাওয়ার রেটিং ৬৮.২!

 

গ্রুপ এইচ: গড় রেটিং- ৭৬.০৪

গ্রুপ সদস্য: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

অপটা রেটিংয়ে ১০০ তে ১০০ পাওয়া দলকে (স্পেন) কেউ-ই গ্রুপ সঙ্গী পেতে চাইবে না, কিন্তু উরুগুয়ে (৮২.৬), সৌদি আরব (৬১.৭) ও কেপ ভার্দেকে (৫৯.৮) সেই ভাগ্যই বরণ করতে হয়েছে। গ্রুপে স্পেনের বড় পরীক্ষা নিতে পারে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। এছাড়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরবও আরেকটা চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

গ্রুপ ‘এল: গড় রেটিং- ৭৫.৯

গ্রুপ সদস্য: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

গ্রুপে থাকা চার দলের নাম দেখে গ্রুপকে শক্তিশালী বা কঠিন গ্রুপ মনে হলেও অপটা রেটিংয়ে এত নীচে থাকার যথেষ্ট কারণ আছে। এক সময়ের শক্তিশালী দল ঘানার সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। পারফরম্যান্সের অবনতি হতে হতে অপটা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ৭১ নম্বরে নেমে গেছে আফ্রিকার দলটি। ফলে গ্রুপের সবচেয়ে কম রেটিংও ঘানার-ই (৫৯.৪)। এছাড়া পানামার (৬৮.৩) রেটিংও খুব বেশি নয়। গ্রুপের সেরা দুই স্থানের জন্য লড়াইটা যে ইংল্যান্ড (৯২.৬) ও ক্রোয়েশিয়ার (৮৩.৪) মধ্যে হবে- সেটা বোধহয় না বললেও চলে!

 

গ্রুপ ‘কে: গড় রেটিং-৭৫.৩

গ্রুপ সদস্য: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ‘১ জয়ী দল

এই গ্রুপে থাকা চার দলের নাম দেখে সবার চেয়ে বেশি অপটা রেটিং মনে হতে পারে পর্তুগালের। তবে পর্তুগিজদের (৮৭.০) চেয়ে বেশি রেটিং কলম্বিয়ার (৯০.১)। সর্বশেষ কোপা আমেরিকার রানার্স আপ কলম্বিয়া, এমনকি বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ গোল করা দলও কলম্বিয়া। বিশ্বকাপে রোনালদোদের যে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটা অনুমান করাই যায়।

গ্রুপের তৃতীয় সদস্য উজবেকিস্তানের রেটিং ৭০.৪। আর চতুর্থ দল নির্বাচিত হবে প্লে-অফ ১ থেকে, যেখানে আছে কঙ্গো (৬৫.০), জ্যামাইকা (৫৩.৯) ও নিউ ক্যালিডোনিয়া (৪২.১)।

 

গ্রুপ ‘সি: গড় রেটিং- ৭৪

গ্রুপ সদস্য: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

অপটার রেটিংয়ে আর্জেন্টিনার গ্রুপ যেখানে সবচেয়ে কঠিন, সেই বিবেচনায় ব্রাজিল পড়েছে সপ্তম কঠিন গ্রুপে। তবে গ্রুপে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ডের মতো দল থাকায় আকর্ষণীয় লড়াই প্রত্যাশা করা যেতেই পারে।

৯০.৫ রেটিংয়ে নিয়ে গ্রুপে সবার চেয়ে এগিয়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর রেটিং ৮২.৩, স্কটল্যান্ডের রেটিং ৭০.৬। তবে গ্রুপের চতুর্থ দল হাইতির (৫২.৩) কারণে গ্রুপের গড় রেটিংও কমে গেছে।

 

গ্রুপ ‘ডি: গড় রেটিং- ৭৩.২

গ্রুপ সদস্য:  যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘সি জয়ী দল

এই গ্রুপের নিশ্চিত হওয়া তিন দলের রেটিং কাছাকাছিই যুক্তরাষ্ট্রের ৭৩.১, প্যারাগুয়ের ৭৫.৪ ও অস্ট্রেলিয়ার ৭৫.৬। এই গ্রুপের চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে আছে তুরস্ক (৭৮.২), স্লোভাকিয়া (৬৮.৮), রোমানিয়া (৬৪.৬) এবং কসোভো (৬২.৭)। প্লে-অফ থেকে যে দলই সুযোগ পাক, এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করা যেতেই পারে। 

 

গ্রুপ ‘জি: গড় রেটিং ৭২.১

গ্রুপ সদস্য: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

৮৩.৩ রেটিং নিয়ে এই গ্রুপের সেরা দল বেলজিয়াম। তবে বেলজিয়ামকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা জানাতে পারে ইরান (৭৬.৪)। মোহামেদ সালাহর মিশর (৬৭.৭) কিংবা তলানিতে থাকা নিউজিল্যান্ডও (৬০.৯) অঘটন ঘটাতে পারে।

 

 

গ্রুপ ‘এ: গড় রেটিং- ৭১.৩

গ্রুপ সদস্য: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি জয়ী দল

পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০- এর কোনো দল নেই গ্রুপ ‘এ’ তে। সেই অর্থে গ্রুপটাকে আকর্ষণীয় মনে না হলেও গ্রুপের মধ্যকার দলগুলোর শক্তির ব্যবধান কম থাকায় লড়াই কঠোর প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে গ্রুপ পর্বে।

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো (৭৭.২), সাউথ কোরিয়া (৭৪.৬) ও সাউথ আফ্রিকা (৬৪.৮)- এই তিনটি দলের জায়গা নিশ্চিত হয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপের চতুর্থ দলটি নির্বাচিত হবে চেক রিপাবলিক (৭০.০), ডেনমার্ক (৭৮.৯), আয়ারল্যান্ড (৬৫.৯) ও নর্থ ম্যাসেডোনিয়ার (৫৯.০) মধ্যকার প্লে-অফ থেকে।

 

গ্রুপ ‘ই: গড় রেটিং- ৭০.৭

গ্রুপ সদস্য: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

অপটার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে আট ও ১২তম স্থানে থাকা জার্মানি ও ইকুয়েডর স্পষ্টভাবেই গ্রুপের সেরা দুই স্থানের দাবিদার। এই দুদল বিবেচনায় পরের দুটি দল বেশ দুর্বলই। অপটা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্ট ৪৮ নম্বরে, আর কুরাসাও ১১৭ নম্বরে।

 

গ্রুপ ‘বি: গড় রেটিং- ৬৯.৯

গ্রুপ সদস্য: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ জয়ী দল

অপটার রেটিং অনুসারে, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দুর্বল তথা সহজ গ্রুপ হলো এটি। এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল সুইজারল্যান্ড (রেটিং ৮১.৯)। সহ-আয়োজক কানাডাও (৭১.৭) আছে গ্রুপে। গ্রুপে নিশ্চিত হওয়া তৃতীয় দল কাতার (৫৯.২)। গ্রুপের চতুর্থ দল নির্বাচিত হবে প্লে-অফে, যেখানে লড়াইয়ে নামবে ইতালি, ওয়েলস, নর্থ আয়ারল্যান্ড বা বসনিয়া-হার্জেগোভিনার মতো দল।