এক মাসেই হিসাব উল্টে গেছে, দলটি বলছে ‘বুধবার আসল রূপ দেখাতে হবে’

গতকাল রোববারের আগে লা লিগায় সর্বশেষ ৪ ম্যাচে মোটে এক জয় রেয়াল মাদ্রিদের। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ে লস ব্ল্যাঙ্কোরা। দলের এ বেহাল পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে কোচ শাবি আলোনসোর ওপর।

গতকাল রাতে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল মাদ্রিদের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি আলোনসোর দল। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে সেলতা ভিগোর কাছে ২-০ ব্যবধানে হেরেছে মাদ্রিদ। শুধু যে দুটো গোল খেয়েছে, এমন নয়। দুটো লাল কার্ডও দেখেছেন শাবির শিষ্যরা।

২ গোল হজমের সঙ্গে ২ লাল কার্ড- ব্যাপারটা যেন মানতে পারছেন না আলোনসো। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রিদ কোচ। পাশাপাশি রেফারির সমালোচনাও করেছেন তিনি। রেয়াল মাদ্রিদ পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে আসল রূপ দেখিয়ে দেবে বলে হুমকি দিয়েছেন আলোনসো!

অথচ ঘরের মাঠে গতকাল সেলতার ওপর ছড়ি ঘুরিয়েছে রেয়াল মাদ্রিদই। তবে কাজের কাজ গোলটা করতে পারেননি এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। উল্টো ২৪ মিনিটে চোটে পড়ে এদের মিলিতাওয়ের মাঠ ছাড়ার পর মাদ্রিদের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে।

রেয়াল মাদ্রিদ কয়েকবার সুযোগ তৈরি করলেও সেলতা গোলকিপার আন্দ্রেই রাদুর বাধা পেরোতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে উইলিয়ট সুইটবার্গের জোড়া গোলে ম্যাচটা হেরে বসে মাদ্রিদ।

সুইডবার্গ প্রথম গোলটা করেছেন ম্যাচের ৫৩ মিনিটে। বাঁপ্রান্ত থেকে ব্রায়ান জারাগোসার বাড়ানো পাসে দুর্দান্ত এক ব্যাক হিলে মাদ্রিদের জালে বল জড়ান ২১ বছর বয়সী এ সুইডিশ লেফট উইংগার। ১১ মিনিট পর ৬০ সেকেন্ডের ব্যবধানে দুবার হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়নে ফ্রান গার্সিয়া।

১০ জন হয়ে পড়লেও ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালাতে থাকে মাদ্রিদ। কিন্তু এমবাপ্পে-ভিনিসিয়ুসদের টানা আক্রমণও কাজে আসছিল না।

নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। যোগ করা সময়ের শুরুতে রেফারির ওপর বিরক্তি প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। ৯ জনে হয়ে পড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই পরের মিনিটে আবারও গোল হজম করে মাদ্রিদ। এবার কোর্তোয়াকে ড্রিবল করে ঠান্ডা মাথায় জালে বল জড়ান সুইডবার্গ। তাতে ১৯ বছর পর বেনাবাউয়ে জয়ের আনন্দে মাতে সেলতা।

গতকালের হারে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্টই থাকল রেয়াল মাদ্রিদের। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪০। অক্টোবরে এল ক্লাসিকো জেতার পর বার্সার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যাওয়া মাদ্রিদই এখন শীর্ষে থাকা বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে। আর সেলতা ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে গেছে।

ম্যাচের ফল প্রসঙ্গে ম্যাচ শেষে আলোনসো বলেছেন, ‘আমরা মোটেও এমন ম্যাচ বা ফল প্রত্যাশা করিনি। আমি ভীষণ ক্ষুব্ধ। মিলিতাওয়ের চোট আমাদের বিপদে ফেলেছে, সেটা কাটিয়ে ওঠা সহজ ছিল না।’

মাদ্রিদ কোচ যোগ করেন, ‘আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। যত দ্রুত সম্ভব, আমাদের এটা (বাজে সময়) কাটিয়ে উঠতে হবে। লিগের এখনো অনেক ম্যাচ বাকি। বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটির বিপক্ষে ম্যাচ আছে। ওই ম্যাচে আমাদের দেখিয়ে দিতে হবে…।’

সেলতা ভিগোর বিপক্ষে না পারলেও ম্যান সিটির বিপক্ষে নিজেদের আসল রূপ দেখানোর প্রত্যাশা করছেন আলোনসো, ‘আমরা ছন্দময় ফুটবল খেলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের কিছুটা ঘাটতি ছিল… ১০ জন হয়ে পড়ার পরেও আমরা ম্যাচে সেরা অবস্থানে ছিলাম। ম্যাচের শুরুটা আমাদের প্রত্যাশা মতো হয়নি। বুধবার আমাদের আসল রূপ দেখাতে হবে।’

রেফারির সমালোচনায় আলোনসো বলেছেন, ‘ম্যাচের রেফারিং সন্তোষজনক ছিল না। আলভারোর (কারেরাস) কার্ডটা.. জানি না কেন, ওটা বিতর্কিত ছিল। রেফারি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টা আমার ভালো লাগেনি। এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল।’