এতদিন হিসেবে ধরাই হতো না, সেই দলই এখন সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে

ছয় ম্যাচ, ছয় জয়- চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের পারফরম্যান্স বাকি সব দলকেই ছাড়িয়ে গেছে। ইউরোপ সেরার মঞ্চে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ রাউন্ড শেষে সব ম্যাচ জেতা একমাত্র দল আর্সেনাল।

গতকাল সোমবার রাতে ক্লাব ব্রুগাকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ের সে ধারা অব্যাহত রেখেছে মিকেল আর্তেতার দল। তা এবার কি অধরা চ্যাম্পিয়নস লিগ ধরা দেবে লন্ডনের ক্লাবটিতে?

এর আগে চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল শুধু একবারই ফাইনাল খেলেছে। ২০০৫-০৬ মৌসুমে সেই ফাইনালে বার্সেলোনার কাছে স্বপ্নভঙ্গের পর ইউরোপসেরার মঞ্চে আরও দুবার সেমিফাইনাল খেললেও চূড়ান্ত সাফল্যের ধারে কাছেও যাওয়ার সুযোগ মেলেনি আর্সেনালের।

চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপার অপেক্ষায় থাকা দলটি প্রিমিয়ার লিগেও দীর্ঘদিন শিরোপা খরায় ভুগছে। প্রিমিয়ার লিগ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ১৩ বার শিরোপা জিতলেও ঘরোয়া এ লিগে আর্সেনাল শেষবার চ্যাম্পিয়ন হয়েছে সেই ২০০৩-০৪ মৌসুমে। সাম্প্রতিক সময়ে তো প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করাটা একপ্রকার অভ্যাসই বানিয়ে ফেলেছে আর্সেনাল! সর্বশেষ তিন মৌসুমের পয়েন্ট টেবিলেই সেটা স্পষ্ট।

নিকট অতীতে আর্সেনালের সাফল্য বলতে ২০১৯-২০ মৌসুমে এফএ কাপের শিরোপা জয়। এরপর ২০২৩ সালে অবশ্য আরও একটা শিরোপা জিতেছে আর্সেনাল, তবে সেটা এক ম্যাচের শিরোপার ম্যাচ এফএ কমিউনিটি শিল্ড।

সে যাই হোক, যে আর্সেনালকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগে এতদিন হিসেবের বাইরে রাখত অনেকেই, সেই আর্সেনালই যেন এবার ভিন্ন রূপে হাজির হয়ে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। প্রিমিয়ার লিগে ১৫ রাউন্ড শেষে শীর্ষে থাকা দলটা চ্যাম্পিয়নস লিগেও সবার ওপরে। গতকাল ক্লাব ব্রুগার বিপক্ষে জয় চলতি মৌসুমে আর্সেনালের দাপটই বোঝাচ্ছে।

মাত্র তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে প্রথম ৬ ম্যাচেই জিতল আর্সেনাল। ক্লাব ব্রুগার বিপক্ষে দলটির গতকালের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন নোনি মাদুয়েকে। অন্য গোলটি গাব্রিয়েল মার্তিনেল্লির। দুই গোলদাতার নামই গতকাল উঠে গেছে রেকর্ড বইয়ে।  

আর্সেনাল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাবের জার্সিতে প্রথম তিনটি গোলই চ্যাম্পিয়নস লিগে করলেন মাদুয়েকে। আর চ্যাম্পিয়ন লিগ ইতিহাসে আর্সেনালের প্রথম ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে গোল করলেন মার্তিনেল্লি।

মাদুয়েকে-মার্তিনেল্লি ঝলকে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরেই আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে আর্সেনালের প্রতিপক্ষ ব্রুগা সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩১ নম্বরে!

 

চ্যাম্পিয়নস লিগে গতকালের ম্যাচের ফল:

বিলবাও ০-০ পিএসজি

লেভারকুসেন ২-২ নিউক্যাসল

বেনফিকা ২-০ নাপোলি

ডর্টমুন্ড ২-২ বোদো/গ্লিমত

ক্লাব ব্রুগা ০-৩ আর্সেনাল

ইউভেন্তুস ২-০ পাফোস

রেয়াল মাদ্রিদ ১-২ ম্যান সিটি